|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

আগামী বছরে ছুটি কত দিন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০৪:০০ পিএম
১৯৮ পঠিত
আগামী বছরে ছুটি কত দিন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
মন্ত্রিসভায় অনুমোদন

২০২৭ সালের সরকারি ছুটির খসড়া তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশে মোট ২৯ দিন সরকারি ছুটির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় কার্যকর সরকারি ছুটি থাকবে ২২ দিন। সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার ২৬তম বৈঠকে এ খসড়া তালিকা অনুমোদন দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় এ ছুটির তালিকা প্রণয়ন করেছে। খসড়া তালিকা অনুযায়ী, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে দুটি শুক্রবার ও দুটি শনিবারসহ চার দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে। অন্যদিকে, বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে একটি শুক্রবার ও দুটি শনিবারসহ তিন দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে পড়েছে। এ ছাড়া ধর্মীয় পর্ব উপলক্ষে প্রজাতন্ত্রের কর্মচারীরা বছরে সর্বোচ্চ তিনদিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ উৎসব উদ্‌যাপনের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটির প্রস্তাব রাখা হয়েছে। সব মিলিয়ে ২০২৭ সালে ১৫ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে ছুটির প্রস্তাব করা হয়েছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়া সাত দিন বাদ দিলে কার্যকর সরকারি ছুটির সংখ্যা দাঁড়াবে ২২ দিন। দুটি অধ্যাদেশ আইনে পরিণত হতে যাচ্ছে এ ছাড়া মন্ত্রিসভার বৈঠক ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের দ্রুত বিস্তার নিশ্চিত করতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ ২০২৬’ ইতিমধ্যে জারি করা হয়েছে। এখন নিয়ম অনুযায়ী অধ্যাদেশটি আইনে পরিণত করার জন্য আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। আসন্ন জাতীয় সংসদ অধিবেশনে খসড়া উপস্থাপন করা হবে। একই কারণে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা, ক্রয়কাজে অধিকতর প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে নতুন, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র, নারী দরপত্রদাতা ও সুযোগবঞ্চিত দরপত্রদাতাদের জন্য বিশেষ ব্যবস্থার সংরক্ষণ, উন্মুক্ত দরপত্র পদ্ধতির কার্যপ্রণালির আধুনিকায়ন ইত্যাদি বিধান প্রণয়নের উদ্দেশ্যে অধ্যাদেশটি জারি করা হয়েছিল। নিয়ম অনুযায়ী এ অধ্যাদেশও আইনে পরিণত করার জন্য আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়।