|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

একই আদেশে তিনবার জামিনের আবেদন, ১১ জনকে হাইকোর্টের শোকজ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৪:০১ পিএম
২৮৫ পঠিত
একই আদেশে তিনবার জামিনের আবেদন, ১১ জনকে হাইকোর্টের শোকজ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিরুদ্ধে তিনবার পৃথক আবেদন করে জামিন নেওয়ার চেষ্টার ঘটনায় তিন আইনজীবীসহ ১১ জনকে শোকজ করেছেন হাইকোর্ট। তাদের ১৫ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট তিন আইনজীবীকে ১৫ দিনের জন্য হাইকোর্ট বিভাগে আইন প...

রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিরুদ্ধে তিনবার পৃথক আবেদন করে জামিন নেওয়ার চেষ্টার ঘটনায় তিন আইনজীবীসহ ১১ জনকে শোকজ করেছেন হাইকোর্ট। তাদের ১৫ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট তিন আইনজীবীকে ১৫ দিনের জন্য হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

শোকজ পাওয়া ১১ জনের মধ্যে রয়েছেন তিন আইনজীবী, পাঁচ আসামি ও মামলার তিনজন তদবিরকারক। আইনজীবীরা হলেন অ্যাডভোকেট আন্না খানম, অ্যাডভোকেট এস এম আব্দুল বাতেন সাকিল ও অ্যাডভোকেট রহিম উদ্দিন।

বুধবার (৪ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পাঁচ আসামিকে কোনো আদালতে জামিনের আবেদন না করার নির্দেশ দেওয়া হয়েছে।

সহকারী অ্যাটর্নি জেনারেল ইমদাদুল হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাইকোর্ট বিভাগে একই আসামির ক্ষেত্রে নিম্ন আদালতের একই আদেশের বিরুদ্ধে একাধিক পৃথক মামলা বা আবেদন করার সুযোগ নেই। গত রোববার একটি মামলার শুনানির সময় আদালতের নজরে আসে, একই জামিন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে তিনটি পৃথক আবেদন করা হয়েছে। তিনটি আবেদনই পৃথক আইনজীবীর মাধ্যমে করা হয় এবং সেগুলো দীর্ঘদিন ধরে হাইকোর্টের বিভিন্ন বেঞ্চের কার্যতালিকায় ছিল।

পরে আদালত তিনটি পৃথক আবেদন একত্র করে শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত করেন। বুধবার সাপ্লিমেন্টারি তালিকার এক নম্বর আইটেম হিসেবে আবেদন তিনটির একসঙ্গে শুনানি হয়। শুনানিতে দেখা যায়, পাঁচ আসামির জামিন চেয়ে তিনটি পৃথক আবেদন করা হয়েছে। অথচ তিনটি আবেদনের ভিত্তি ছিল নিম্ন আদালতের একই জামিন নামঞ্জুরের আদেশ।

সহকারী অ্যাটর্নি জেনারেল বলেন, একই আদেশের বিরুদ্ধে এভাবে একাধিক আবেদন করার বিষয়টি আদালত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। এরপর আদালত স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন। একই সঙ্গে পাঁচ আসামি, তিন আইনজীবী ও তিন তদবিরকারকসহ মোট ১১ জনকে শোকজ করা হয়েছে। তাঁদের ১৫ দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

তিনি আরও জানান, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পাঁচ আসামির পক্ষে কোনো আদালতে জামিনের আবেদন করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া একই আদেশের বিরুদ্ধে পৃথক তিনটি আবেদন করায় সংশ্লিষ্ট তিন আইনজীবীকে ১৫ দিনের জন্য হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: কালবেলা