|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ওয়াইল্ড কার্ডে এসে বিগ বসের ঘরে আলোচনায় রাজবীর দে, কে এই সেনসেশন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৬:০০ এএম
৩৫০ পঠিত
ওয়াইল্ড কার্ডে এসে বিগ বসের ঘরে আলোচনায় রাজবীর দে, কে এই সেনসেশন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ওয়াইল্ড কার্ডে এসে বিগ বসের ঘরে আলোচনায় রাজবীর দে, কে এই সেনসেশন ‘বিগ বস বাংলা’র ঘরে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে এসে অল্প সময়েই আলোচনায় রাজবীর দে। নন্দিনী দত্তের সঙ্গে তাঁর রসায়ন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, অভিনয় ও মডেলিং ক্যারিয়ার—জেনে নেওয়া যাক এই তরুণের গল্প।

ওয়াইল্ড কার্ডে এসে বিগ বসের ঘরে আলোচনায় রাজবীর দে, কে এই সেনসেশন
‘বিগ বস বাংলা’র ঘরে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে এসে অল্প সময়েই আলোচনায় রাজবীর দে। নন্দিনী দত্তের সঙ্গে তাঁর রসায়ন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, অভিনয় ও মডেলিং ক্যারিয়ার—জেনে নেওয়া যাক এই তরুণের গল্প।

রিয়েলিটি শোর ঘর মানেই নানা রকমের গল্প। কখনো বন্ধুত্ব, কখনো মনোমালিন্য, কখনো আবার প্রেমের গুঞ্জন। এর সঙ্গে থাকে বিতর্ক, হাসি–কান্না আর দর্শকদের নানা জল্পনা। প্রথমবারের মতো শুরু হওয়া ‘বিগ বস বাংলা’ও এর ব্যতিক্রম নয়। শোয়ের শুরু থেকেই জমে উঠেছে প্রতিযোগীদের নানা কর্মকাণ্ড। তবে এর মধ্যে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে এসে বিশেষভাবে নজর কেড়েছেন রাজবীর দে।

ঘরে প্রবেশের পর থেকেই কখনো তাঁর কথাবার্তা, কখনো আরেক প্রতিযোগী নন্দিনী দত্তের সঙ্গে তাঁর রসায়ন নিয়ে চলছে আলোচনা। সময় যত গড়াচ্ছে, ততই তাঁকে ঘিরে দর্শকদের কৌতূহল বাড়ছে। কিন্তু ক্যামেরার সামনে যাঁকে নিয়ে এত আলোচনা, সেই রাজবীর দে আসলে কে? বিগ বসের ঘরে রাজবীরকে ঘিরে আলোচনার বড় একটি অংশজুড়ে রয়েছে নন্দিনী দত্তের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ।

দুজনের কথাবার্তা ও ঘনিষ্ঠ মুহূর্ত নিয়ে নেট–দুনিয়ায় নানা আলোচনা চলছে। সব মিলিয়ে অল্প সময়েই শোয়ের আলোচিত মুখ হয়ে উঠেছেন এই তরুণ। তবে রিয়েলিটি শোর ক্যামেরার বাইরেও রাজবীরের রয়েছে দীর্ঘদিনের অভিনয় ও মডেলিংয়ের অভিজ্ঞতা।

শৈশব কেটেছে শিলিগুড়িতে

রাজবীর দে শিলিগুড়ির বাসিন্দা। জীবনের শুরুটা খুব একটা সহজ ছিল না তাঁর। খুব ছোট বয়সেই বাবাকে হারান তিনি। ফলে অল্প বয়স থেকেই জীবনের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। পড়াশোনা করেছেন রামকৃষ্ণ মিশনে। এরপর ধীরে ধীরে নিজের স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।

অভিনয় ও মডেলিংয়ের জগতে নিজের জায়গা তৈরি করতে পাড়ি জমান মুম্বাইয়ে। বর্তমানে সেখানেই কাজ করছেন রাজবীর।

মিস্টার ইন্ডিয়া থেকে পরিচিতি

রাজবীরের পরিচিতির শুরুটা কিন্তু বিগ বসের ঘর থেকে নয়। ২০১৭ সালে ‘পিটার ইংল্যান্ড মিস্টার ইন্ডিয়া’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে প্রথমবার আলোচনায় আসেন তিনি।

এই অর্জনের মধ্য দিয়ে মডেলিংয়ে নিজের সম্ভাবনার জানান দেন। আন্তর্জাতিক পেজেন্টেও ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলেন বলে জানা যায়। এরপর মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ের জগতেও এগিয়ে যেতে থাকেন।

টেলিভিশনে অভিনয়ের শুরু

২০২০ সালে ‘কসৌটি জিন্দেগি কে ২’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে অভিষেক হয় রাজবীরের। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রেও অভিনয় করেছেন তিনি। এরপর ২০২১ সালে দেখা যায় ‘পাঞ্চ বিট ২’ সিরিজে। তাঁর অভিনীত কাজের তালিকায় রয়েছে ‘উড়ান’ও।

এ ছাড়া ‘কোল্ড লস্যি অউর চিকেন মাসালা’ সিরিজেও অভিনয় করেছেন তিনি। অল্ট বালাজির এই রোমান্টিক কমেডি সিরিজে রাজীব খান্ডেলওয়াল ও দিব্যাঙ্কা ত্রিপাঠীর সঙ্গে পর্দা ভাগ করেছেন রাজবীর। সেখানে জুনেইদ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।

রোডিজেও দেখিয়েছেন নিজের ব্যক্তিত্ব

অভিনয়ের পাশাপাশি রিয়েলিটি শোর মঞ্চেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন রাজবীর। ‘এমটিভি রোডিজ: কর্ম ইয়া কাণ্ড’–এর প্রতিযোগী ছিলেন তিনি। শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার এই প্রতিযোগিতায় অংশ নিয়ে দর্শকদের সামনে নিজের অন্য একটি দিক তুলে ধরেছিলেন। ফলে রিয়েলিটি শোর অভিজ্ঞতা তাঁর জন্য একেবারে নতুন নয়।

তবে বিগ বসের ঘরের অভিজ্ঞতা যে আলাদা, তা বলা বাহুল্য। এখানে প্রতিযোগিতার পাশাপাশি প্রতিদিনের আচরণ, সম্পর্ক ও ব্যক্তিত্ব আলোচনার কেন্দ্রে থাকে।

বিজ্ঞাপন ও মডেলিংয়েও অভিজ্ঞতা

দারুণ স্টাইলিশ ও ফ্যাশনসচেতন রাজবীর দে। তাই ক্যারিয়ারে মডেলিংয়ের গুরুত্বও কম নয়। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।

স্যামসাং, মাউন্টেন ডিউ ও কটনকিংয়ের মতো ব্র্যান্ডের প্রচারণায় দেখা গেছে তাঁকে। ফ্যাশন ও ফিটনেসের সঙ্গেও নিয়মিত যুক্ত তিনি। মডেলিংয়ের অভিজ্ঞতা, ক্যামেরার সামনে স্বচ্ছন্দ উপস্থিতি আর অভিনয়ের দক্ষতা—সব মিলিয়ে বিনোদনজগতে নিজের পরিচিতি গড়ে তুলেছেন এই তরুণ।

এত দিন অভিনয় ও মডেলিংয়ের মাধ্যমে দর্শকদের সামনে এলেও ২০২৬ সালের ‘বিগ বস বাংলা’ রাজবীরকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

বিশেষ করে নন্দিনী দত্তের সঙ্গে তাঁর রসায়ন, ঘরের অন্য প্রতিযোগীদের সঙ্গে কথাবার্তা এবং নানা ঘটনায় তাঁর প্রতিক্রিয়া নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। একদিকে দীর্ঘদিনের অভিনয়জীবনের অভিজ্ঞতা, অন্যদিকে রিয়েলিটি শোর চেনা মঞ্চ—দুইয়ের মিশেলে রাজবীর দে এখন বিগ বস বাংলার অন্যতম আলোচিত প্রতিযোগী। ঘরের ভেতরে তাঁর গল্প কোন দিকে এগোয়, তা দেখতে চোখ রাখছেন দর্শকেরা।

ছবি: ইন্সটাগ্রাম

সূত্র: প্রথম আলো