|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ডেমোক্র্যাট সমাজতন্ত্রীদের কতজন এবার কংগ্রেসে যাচ্ছেন, মামদানি–সমর্থিত প্রার্থীরা কি জয়ী হলেন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ১১:০০ এএম
৩৫৮ পঠিত
ডেমোক্র্যাট সমাজতন্ত্রীদের কতজন এবার কংগ্রেসে যাচ্ছেন, মামদানি–সমর্থিত প্রার্থীরা কি জয়ী হলেন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সমাজতন্ত্রীদের বেশির ভাগ জয় এসেছে ডেমোক্র্যাটদের নিরাপদ আসনগুলোয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রাইমারি প্রচারে প্রার্থীরা মূলধারার ডেমোক্র্যাটদের পরাজিত করেছেন।

যুক্তরাষ্ট্রে গত মঙ্গলবার অনুষ্ঠিত কংগ্রেসের দুই কক্ষের মধ্যবর্তী নির্বাচনে একের পর এক বড় জয়ের পর ডেমোক্রেটিক পার্টির সমাজতন্ত্রপন্থীরা বড় বিজয়ী হিসেবে আলোচনায় এসেছেন। এখন তাঁদের নতুন একটি দল কংগ্রেসে যাচ্ছে।

এই বছর প্রধান প্রধান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা হাতে গোনা কয়েকজন প্রার্থী ছিলেন ‘ডেমোক্রেটিক সোশালিস্টস অব আমেরিকা (ডিএসএ)’–এর সদস্য। তাঁরা নিজেদের ডেমোক্রেটিক সমাজতন্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন।

গত বছর নিউইয়র্ক নগরের মেয়র হিসেবে জোহরান মামদানি নির্বাচিত হন। তাঁর এই জয় ডিএসএর উত্থানে দ্রুত গতি দেয়। এরপর এই বছর তাঁরা কংগ্রেসের দলীয় প্রাথমিক বাছাই (প্রাইমারি) নির্বাচনে একের পর এক জয়ী হন।

সমাজতন্ত্রীদের বেশির ভাগ জয় এসেছে ডেমোক্র্যাটদের নিরাপদ আসনগুলোয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রাইমারি প্রচারে প্রার্থীরা মূলধারার ডেমোক্র্যাটদের পরাজিত করেছেন। এরপর সাধারণ নির্বাচনে বামপন্থীদের এই প্রার্থীরা কেমন ফল করবেন, তা ছিল বড় পরীক্ষা।

নিউইয়র্ক থেকে নির্বাচিত ক্লেয়ার ভালদেজ। মেয়র জোহরান মামদানি তাঁকে প্রাইমারি ও চূড়ান্ত নির্বাচনে সমর্থন জানিয়েছেন। ৩ নভেম্বর ২০২৬, কুইন্স

ডিএসএর জন্য মঙ্গলবার ছিল ঐতিহাসিক একটি রাত। কারণ, সংগঠনের সদস্য বা তাদের সমর্থিত আট প্রার্থী নিজেদের নির্বাচনে জয়ী হয়েছেন। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন প্রার্থী ২০২৪ সালে তাঁদের ডেমোক্রেটিক পার্টির প্রাপ্ত ভোটের ব্যবধানের চেয়ে অনেক বেশি ভালো ফল করেছেন।

বর্তমানে কংগ্রেসে ডিএসএর মাত্র দুই সদস্য আছেন। তাঁদের একজন মিশিগানের কংগ্রেস সদস্য রাশিদা তালিব এবং নিউইয়র্কের আলেকজান্দ্রিয়া ওকাসিও–কোর্তেজ আবার নির্বাচিত হয়েছেন। এর অর্থ হলো, আগামী জানুয়ারিতে যখন নতুন কংগ্রেস অধিবেশন বসবে, তখন কংগ্রেসে ডিএসএ সদস্যদের সংখ্যা তিন গুণের বেশি হবে।

ক্যাপিটল হিলে ডিএসএ আইনপ্রণেতাদের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই জোটের বড় প্রভাব থাকতে পারে।

সিরাকিউস ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক গ্রান্ট ডেভিস রিহার নিউজউইককে বলেন, একটি বিষয় ইতিমধ্যেই পরিষ্কার, এটি ২০২৬ সালের জন্য একটি বড় বিষয় হবে।

রিহার আরও যোগ করেন, জাতীয় কৌশল নির্ধারণের জন্য দলের ওই অংশকে আলোচনার টেবিলে একটি গুরুত্বপূর্ণ আসন দিতে হবে। আবার প্রেসিডেন্ট পদের প্রাইমারি ব্যবস্থার কারণে এই ভোটাররা প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় বড় ভূমিকা রাখবেন।

নিউইয়র্কে মামদানির সমর্থনে জয়

নিউইয়র্কে সমাজতন্ত্রী ডেমোক্র্যাটদের সরাসরি সমর্থন দিয়েছেন নগরের মেয়র জোহরান মামদানি। দলীয় প্রাথমিক বাছাই (প্রাইমারি) থেকে শুরু করে চূড়ান্ত নির্বাচনে তিনি তাঁর পক্ষে মাঠে সরব ছিলেন।

ক্লেয়ার ভালদেজ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সপ্তম কংগ্রেস আসন থেকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ক্লেয়ার ভালদেজ জয়ী হয়েছেন। প্রতিনিধি পরিষদেরে বিদায়ী ডেমোক্র্যাট সদস্য নিদিয়া ভেলাজকুয়েজের আসনে মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনী লড়াইয়ে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মেলভিন রিভেরাকে পরাজিত করেন তিনি।

ভেলাজকুয়েজ ২০১৩ সাল থেকে এই আসন থেকে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়ে আসছেন। ১৯৯৩ সালে প্রথম তিনি কংগ্রেসের সদস্য হন। এবার তিনি অবসরে যাচ্ছেন।

এই এলাকায় ডেমোক্র্যাটদের শক্তিশালী সমর্থকগোষ্ঠী থাকার কারণে ভালদেজই জয়ের দৌড়ে এগিয়ে ছিলেন। তাঁর এই সাফল্য ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ‘ডেমোক্রেটিক সোশালিস্টস অব আমেরিকা (ডিএসএ)’–এর জন্য আরেকটি লক্ষণীয় জয় এনে দিল।

দারিয়ালিজা অ্যাভিলা শেভালিয়ারও মামদানির সমর্থন পেয়েছেন। ডেমোক্র্যাট সমাজতন্ত্রী হিসেবেই তিনি নিজের পরিচয় দেন

গত জুনে অনুষ্ঠিত দলীয় প্রাথমিক বাছাই নির্বাচনে (প্রাইমারি) নিউইয়র্কের সপ্তম ডিস্ট্রিক্টকে ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ দিকনির্দেশনার একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল।

সেই নির্বাচনে ভালদেজকে আরও বেশ কয়েকজন শক্তিশালী প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ব্রুকলিন বরোর প্রেসিডেন্ট অ্যান্টোনিও রেনোসো।

ভালদেজ ডিএসএ ও নিউইয়র্ক নগরের মেয়র জোহরান মামদানির (তিনি নিজেকে সমাজতন্ত্রী হিসেবে পরিচয় দেন) সমর্থন পেয়েছিলেন। অন্যদিকে রেনোসো বিদায়ী কংগ্রেস সদস্য ভেলাজকুয়েজসহ বেশ কিছু প্রবীণ ও মূলধারার ডেমোক্র্যাট নেতার সমর্থন পেয়েছিলেন।

মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক সংখ্যালুঘ নেতা হাকিম জেফ্রিজ এই নির্বাচনে কাউকেই সমর্থন দেননি। তবে তিনি দলের ভেতরের এই বিভাজন স্বীকার করেছেন। তিনি উল্লেখ করেন, অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসসহ নিউইয়র্কের আরও অনেক ডেমোক্র্যাট ব্যক্তিত্বের সঙ্গে ডিএসএর মতপার্থক্য তৈরি হয়েছে।

জেফ্রিজ জুনে সাংবাদিকদের বলেছিলেন, ‘নিদিয়া ভেলাজকুয়েজ, টিশ জেমসসহ অত্যন্ত প্রগতিশীল ডেমোক্র্যাটদের একটি জোট... ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টি ও বেশ কয়েকটি শ্রমিক ইউনিয়নকে সঙ্গে নিয়ে নির্বাচনে এক পাশে রয়েছে, আর অন্য পাশে রয়েছে ডিএসএ।’

ভালদেজ তাঁর প্রাইমারি প্রচারের মূলে রেখেছিলেন আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) বিলুপ্ত করা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে ‘গ্রিন নিউ ডিল’–এর মতো পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি। এ ছাড়া তিনি সর্বজনীন ভাড়া নিয়ন্ত্রণ (ইউনিভার্সাল রেন্ট কন্ট্রোল) ও সবার জন্য স্বাস্থ্যসেবার সমর্থক।

ভালদেজের এই রাজনৈতিক অবস্থানের কারণে গত জানুয়ারিতে তিনি ডিএসএর সমর্থন লাভ করেন।

ডেমোক্রেটিক পার্টি এক বিজ্ঞপ্তিতে জানায়, এই সমর্থনের মাধ্যমে ভালদেজের প্রচার চালানোর দায়িত্ব নেয় সেই একই স্বেচ্ছাসেবক বাহিনী, যারা ২০২৫ সালে মেয়র জোহরান মামদানিকে বিজয়ী করেছিল। প্রতিনিধি পরিষদের এনওয়াই–৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী একমাত্র প্রার্থী হিসেবে ভালদেজ আবাসন নির্মাণ খাতের কোনো অর্থ গ্রহণ না করার প্রতিশ্রুতি দিয়েছেন।

ডেমোক্রেটিক পার্টির কৌশলবিদ ম্যালি স্মিথ ফক্স নিউজ ডিজিটালকে বলেছেন, ‘যেহেতু এলাকাটিতে ডেমোক্র্যাটদের প্রাধান্য রয়েছে, তাই তাঁর এই জয়ে অবাক হওয়ার কিছু নেই।’

স্মিথ আরও যোগ করেন, ‘আমাদের দলটি বিশাল ও বৈচিত্র্যময়। এর অর্থ হলো, সুদূর বামপন্থার কিছু মানুষও জয়ী হবেন। তবে প্রতিযোগিতাপূর্ণ লাল (রিপাবলিকান) বা দোদুল্যমান রাজ্যগুলোয় (যেখানে ফল যেকোনো দিকে যেতে পারে) আমাদের জয়ী হতে হলে রয় কুপার ও জেমস তালারিকোর মতো প্রার্থীদের মনোনীত করা উচিত।’

কলোরাডো থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সমাজতন্ত্রী মেলাট কিরোস। ১৫ মার্চ ২০২৬, ভার্জিনিয়া

দারিয়ালিজা অ্যাভিলা শেভালিয়ার

ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলা নিউইয়র্কের একমাত্র ডিএসএ–সমর্থিত প্রার্থী ভালদেজ নন। প্রায় একই ধরনের এক প্রাইমারি নির্বাচনে ডিএসএর আরেক প্রার্থী দারিয়ালিজা অ্যাভিলা শেভালিয়ার ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতা ও কংগ্রেসের হিস্প্যানিক ককাসের প্রধান এবং বর্তমান কংগ্রেস সদস্য আদ্রিয়ানো এস্পাইলাতকে হারিয়ে দেন।

শেভালিয়ার নিউইয়র্কের ১৩তম কংগ্রেস আসন নির্বাচনে জয়ী হয়েছেন। ৯২ শতাংশ ভোট গণনার পর তিনি পেয়েছেন ৮৭ দশমিক ৫ শতাংশ ভোট। অন্যদিকে রিপাবলিকান জোমো এম উইলিয়ামস পেয়েছেন ১১ দশমিক ৪ শতাংশ ভোট।

এই ৭০ শতাংশের ভোটের ব্যবধান বেশ বড়। প্রাইমারিতে হেরে যাওয়া পাঁচবারের প্রতিনিধি আদ্রিয়ানো এস্পাইলাত ২০২৪ সালে এই আসনে ৬৬ শতাংশের ব্যবধানে জিতেছিলেন। শেভালিয়ারের জয়ের ব্যবধান তার চেয়ে বেশি।

শেভালিয়ার রাজনীতিতে নতুন। তিনি একসময় কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। তিনি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতা করাকে তাঁর প্রচারের প্রধান বিষয় বানিয়েছিলেন।

ডোনাভান ম্যাককিনি

ম্যাককিনি মিশিগান অঙ্গরাজ্যে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ১৩তম আসনে নির্বাচনে জয়ী হয়েছেন। ডেমোক্রেটিক প্রাইমারিতে খরচের দিক থেকে অনেক পিছিয়ে থেকেও তিনি প্রতিনিধি শ্রী রানেদারকে পরাজিত করেছিলেন।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, গতকাল বুধবার গভীর রাত সাড়ে তিনটার দিকে ম্যাককিনিকে বিজয়ী ঘোষণা করা হয়। ৬৪ শতাংশ ভোট গণনার পর ম্যাককিনি পেয়েছেন ৭৫ দশমিক ৬ শতাংশ ভোট। আর রিপাবলিকান টি পি নিকোরিয়াক পেয়েছেন ২০ দশমিক ৭ শতাংশ ভোট।

বর্তমানে ম্যাককিনির জয়ের ব্যবধান ৫৪ দশমিক ৯ শতাংশ। রানেদার ২০২৪ সালে ৪৪ দশমিক ১ শতাংশের ব্যবধানে এই আসন থেকে জিতেছিলেন।

মেলাট কিরোস

মেলাট কিরোস একজন আইনজীবী থেকে ডক্টরেটের শিক্ষার্থী হয়েছেন। তিনি কলোরাডোর প্রথম কংগ্রেস আসনে রিপাবলিকান ক্রিস্টি পিটারসনকে পরাজিত করেছেন।

গতকাল ভোরে ৬৯ শতাংশ ভোট গণনার পর কিরোস পেয়েছেন ৭৮ দশমিক ৩ শতাংশ ভোট এবং পিটারসন পেয়েছেন ১৩ দশমিক ৯ শতাংশ ভোট। ফলে জয়ের ব্যবধান দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৪ শতাংশ।

প্রতিনিধি পরিষদের সদস্য ডায়ানা ডিগেট টানা ৩০ বছর ধরে এই আসনে ছিলেন। চমকপ্রদ প্রাইমারিতে ডায়ানা হারিয়ে দেন কিরোসকে। ডিগেট ২০২৪ সালে ৫৪ দশমিক ৯ শতাংশ ভোটের ব্যবধানে এই আসনে জিতেছিলেন।

মিশিগান থেকে নির্বাচিত ডোনাভান ম্যাককিনি (বাঁয়ে) দলীয় প্রাইমারির সময় ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন। ৯ জুলাই ২০২৬, মিশিগান

ক্রিস র‍্যাব

ক্রিস র‍্যাব পেনসিলভানিয়ার রাজ্যের আইনসভার সদস্য ছিলেন। তিনি পেনসিলভানিয়ার ডেমোক্র্যাটদের শক্তিশালী তৃতীয় কংগ্রেসনাল আসনে নির্বাচনে সহজে জয়ী হয়েছেন।

৯৭ শতাংশ ভোট গণনা শেষে র‍্যাব পেয়েছেন ৯৩ দশমিক ৬ শতাংশ ভোট। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী ডেনিস মাহোনি পেয়েছেন ৬ দশমিক ৪ শতাংশ ভোট।

তবে ২০২৪ সালের ফলাফলের সঙ্গে এর তুলনা করা কঠিন। কারণ, অবসরে যাওয়া ডেমোক্র্যাট প্রতিনিধি ডোয়াইট ইভানসের বিরুদ্ধে ২০২৪ সালে কোনো বড় নামকরা প্রতিদ্বন্দ্বী ছিল না। ইভানস সেই বছর ৯৯ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে ওই আসন থেকে জিতেছিলেন। বাকি শূন্য দশমিক ৮ শতাংশ ভোট ছিল অন্যান্য নামের রাইট–ইন ভোট।

রাশিদা তালিব

তালিব ইতিমধ্যেই কংগ্রেসে থাকা ডেমোক্রেটিক সমাজতন্ত্রীদের একজন। তিনি মিশিগানের ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে সহজে আরেকটি মেয়াদের জন্য জয় নিশ্চিত করেছেন।

৯২ শতাংশ ভোট গণনার পর রাশিদা পেয়েছেন ৭৫ দশমিক ৪ শতাংশ ভোট। অন্যদিকে রিপাবলিকান জেমস হুপার পেয়েছেন ২১ দশমিক ৮ শতাংশ ভোট। এর ফলে তাঁর জয়ের ব্যবধান দাঁড়িয়েছে ৫৩ দশমিক ৬ শতাংশ। ২০২৪ সালের চেয়ে এবার তিনি ভালো ফল করেছেন। সেবার তিনি ৪৪ দশমিক ৩ শতাংশের ব্যবধানে জিতেছিলেন।

আলেকজান্দ্রিয়া ওকাসিও–কোর্তেজ

ওকাসিও–কোর্তেজ দেশের অন্যতম প্রধান ডেমোক্রেটিক সমাজতন্ত্রী। তিনি নিউইয়র্কের ১৪তম কংগ্রেস আসন থেকে মঙ্গলবার সহজেই পঞ্চম মেয়াদে জয়ী হয়েছেন।

প্রায় ৯৬ শতাংশ ভোট গণনার পর ওকাসিও–কোর্তেজ পেয়েছেন ৭৮ দশমিক ২ শতাংশ ভোট। অন্যদিকে রিপাবলিকান ডায়ামান্ট হিসেনাজ পেয়েছেন ২১ দশমিক ৫ শতাংশ ভোট। ফলে জয়ের ব্যবধান দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৭ শতাংশ।

ওকাসিও–কোর্তেজকে ২০২৮ সালের প্রেসিডেন্ট পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে। তিনি ২০২৪ সালের ফলাফলের চেয়ে এবার ভালো করেছেন। সেবার তিনি রিপাবলিকান টিনা ফোর্টকে ৩৮ দশমিক ৪ শতাংশের ব্যবধানে হারিয়েছিলেন।

ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত অ্যাঞ্জেলা গঞ্জালেস–তোরেস

অ্যাঞ্জেলা গঞ্জালেস–তোরেস

ক্যালিফোর্নিয়ার ৩৪তম কংগ্রেস আসন থেকে পাঁচবারের ডেমোক্রেটিক প্রতিনিধি জিমি গোমেজের বিরুদ্ধে গঞ্জালেস–তোরেসের লড়াইটি ছিল খুব কঠিন। গতকাল ভোরে চূড়ান্ত বিজয়ী বলা সম্ভব হচ্ছিল না।

তবে ৭২ শতাংশ ভোট গণনার পর গঞ্জালেস–তোরেস ৫৯ দশমিক ২ শতাংশ ভোট নিয়ে গোমেজের চেয়ে বেশ এগিয়ে গেছেন। প্রতিদ্বন্দ্বী গোমেজ পেয়েছেন ৪০ দশমিক ৮ শতাংশ ভোট।

এই আসনের ২০২৪ সালের ফলাফলের সঙ্গে তুলনা করা জটিল। কারণ, গত বছর ক্যালিফোর্নিয়ার ভোটাররা নতুন হাউস ম্যাপ অনুমোদন করার পর সীমানা বদলে গেছে। গোমেজ ২০২৪ সালে এই আসনে সহকর্মী ডেমোক্র্যাট ডেভিড কিমকে প্রায় ১১ দশমিক ২ শতাংশের ব্যবধানে হারিয়েছিলেন।

অ্যাঞ্জি নিক্সন

ফ্লোরিডায় ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর খালি হয়ে যাওয়া সিনেট আসনের বিশেষ নির্বাচনে রিপাবলিকান সিনেটর অ্যাশলে মুডি ডেমোক্রেটিক সমাজতন্ত্রী অ্যাঞ্জি নিক্সনকে হারিয়েছেন। তবে জয়ের ব্যবধান ছিল বেশ কম।

রুবিও ২০২২ সালে জয়ী হওয়া মেয়াদের শেষ দুই বছর পূর্ণ করতে মুডি জিতেছেন। তবু তাঁর জয়ের এই কম ব্যবধান ডেমোক্র্যাটদের উৎসাহিত করছে। কারণ, ফ্লোরিডা সাম্প্রতিক বছরগুলোয় রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পেয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালে ফ্লোরিডায় ১৩ শতাংশের ব্যবধানে জিতেছিলেন এবং ডেমোক্র্যাট প্রার্থীরা ২০১২ সালের পর থেকে সেখানে কোনো সিনেট নির্বাচনে জিততে পারেননি।

৯৯ শতাংশ ভোট গণনার পর মুডি পেয়েছেন ৫০ দশমিক ৯ শতাংশ ভোট এবং নিক্সন পেয়েছেন ৪৮ শতাংশ ভোট। অর্থাৎ জয়ের ব্যবধান ছিল মাত্র ২ দশমিক ৯ শতাংশ।

ডেমোক্র্যাট সমাজতন্ত্রীদের এসব জয় দেশ ও বিশ্বজুড়ে মানুষের নজর কেড়েছে।

সূত্র: প্রথম আলো