|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মানি চেঞ্জারদের নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৭:৩২ পিএম
১৫৭ পঠিত
মানি চেঞ্জারদের নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
লাইসেন্সধারী মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা নিরাপদে সংরক্ষণ, জমা ও উত্তোলনের সুবিধা দিতে বিশেষ কাস্টডিয়াল অ্যাকাউন্ট চালুর সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্ধারিত সীমার বাইরে যে কোনো পরিমাণ বৈদেশিক মুদ্রা এসব অ্যাকাউন্টে জমা রাখতে পারবেন মানি চেঞ্জাররা। এ ক্ষেত্রে ব্যবসার লেনদেনের পরিমাণ ও...

লাইসেন্সধারী মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা নিরাপদে সংরক্ষণ, জমা ও উত্তোলনের সুবিধা দিতে বিশেষ কাস্টডিয়াল অ্যাকাউন্ট চালুর সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্ধারিত সীমার বাইরে যে কোনো পরিমাণ বৈদেশিক মুদ্রা এসব অ্যাকাউন্টে জমা রাখতে পারবেন মানি চেঞ্জাররা।

এ ক্ষেত্রে ব্যবসার লেনদেনের পরিমাণ ও ধরন বিবেচনায় নেওয়া হবে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রা পরিবহনে নিরাপত্তা ও বীমা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-২ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক ও লাইসেন্সধারী মানি চেঞ্জারদের এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, নগদ বৈদেশিক মুদ্রার ব্যবস্থাপনা সহজ করা, পরিবহনের সময় ঝুঁকি কমানো এবং নিরাপদে মুদ্রা স্থানান্তর নিশ্চিত করতে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো লাইসেন্সধারী মানি চেঞ্জারদের কাস্টডিয়াল অ্যাকাউন্ট সুবিধা দিতে পারবে।

এসব অ্যাকাউন্ট শুধু নগদ বৈদেশিক মুদ্রা নিরাপদে সংরক্ষণ, জমা ও উত্তোলনের কাজে ব্যবহার করা যাবে। এগুলো কোনোভাবেই সুদবাহী আমানত হিসাব হিসেবে বিবেচিত হবে না। প্রচলিত জমার সীমা থাকলেও ব্যবসার লেনদেনের পরিমাণ ও ধরন যথাযথভাবে নথিভুক্ত থাকলে যেকোনো পরিমাণ বৈদেশিক মুদ্রা এসব অ্যাকাউন্টে জমা রাখা যাবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংকিং সময়ের মধ্যে উদ্বৃত্ত বৈদেশিক মুদ্রা এসব অ্যাকাউন্টে জমা করা যাবে। জমা করা অর্থ পরবর্তী ব্যাংকিং দিনের সকালে অথবা প্রয়োজন অনুযায়ী উত্তোলন করা যাবে। তবে উত্তোলনের ক্ষেত্রে অ্যাকাউন্টে পর্যাপ্ত স্থিতি থাকতে হবে।

বৈদেশিক মুদ্রা পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে মানি চেঞ্জারদের জন্য ক্যাশ-ইন-ট্রানজিট (সিআইটি) বিমা বাধ্যতামূলক করা হয়েছে। পরিবহনের সময় চুরি, ডাকাতি, হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থেকে সুরক্ষা দিতে এ বিমা নিতে হবে। বিমার আওতা সংশ্লিষ্ট পরিবহনের নির্ধারিত সর্বোচ্চ সীমা পর্যন্ত থাকতে হবে।

এ ছাড়া অনুমোদিত ডিলার ব্যাংকের নির্ধারিত সীমার বেশি বৈদেশিক মুদ্রা পরিবহনের ক্ষেত্রে লাইসেন্সধারী সিআইটি সেবা অথবা নিরাপত্তাকর্মীর পাহারায় পরিবহনের ব্যবস্থা করতে হবে। দিনের শেষভাগে জমা দেওয়ার সুবিধার্থে ব্যাংকগুলোকে নিরাপদ কাউন্টার ও অস্থায়ী ভল্টে অর্থ সংরক্ষণের ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো চেক অথবা উত্তোলন স্লিপের মাধ্যমে অর্থ উত্তোলনের সুবিধা দিতে পারবে। তবে কেবল যথাযথভাবে অনুমোদিত প্রতিনিধিরাই অর্থ উত্তোলন করতে পারবেন। এ জন্য তাদের স্বাক্ষর, ছবি ও পরিচয়সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ব্যাংকে সংরক্ষিত থাকতে হবে।

অ্যাকাউন্টে জমা থাকা অর্থের বেশি উত্তোলন করা যাবে না। এসব হিসাবের বিপরীতে কোনো ধরনের ওভারড্রাফট বা ঋণসুবিধা দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। তবে ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে হিসাব রক্ষণাবেক্ষণ ফি এবং নগদ অর্থ ব্যবস্থাপনা বাবদ যৌক্তিক মাশুল নির্ধারণ করতে পারবে ব্যাংকগুলো।

লেনদেনের ক্ষেত্রে এসব অ্যাকাউন্টে শুধু নগদ বৈদেশিক মুদ্রার নোট ব্যবহার করতে হবে। অ্যাকাউন্টের মাধ্যমে কোনো ধরনের অর্থ স্থানান্তর, রেমিট্যান্স কিংবা তৃতীয় পক্ষের কাছে অর্থ পাঠানোর সুযোগ থাকবে না।

এ ছাড়া অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে মানি চেঞ্জারদের হালনাগাদ গ্রাহক পরিচিতি (কেওয়াইসি) সংক্রান্ত তথ্য সংরক্ষণ এবং বাংলাদেশ ব্যাংক থেকে ইস্যু করা তাদের লাইসেন্সের বৈধতা যাচাই করতে বলা হয়েছে। প্রতিটি লেনদেনের তারিখ ও সময়, বৈদেশিক মুদ্রার নোটের মূল্যমান এবং পরিবহনকারীর পরিচয়সহ পূর্ণাঙ্গ নিরীক্ষা রেকর্ড সংরক্ষণ করতে হবে।

সার্কুলারের শেষাংশে সংশ্লিষ্ট সব পক্ষকে এ নির্দেশনার বিষয়বস্তু অবহিত করার জন্য অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-২-এর পরিচালক মুনিরা ইসলাম।

সূত্র: নতুন আরএসএস সোর্স