গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ১০:২০ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৬, ০৮:০৭ পিএম

ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা

ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত করে সংস্থাটির সব দায়িত্ব এককভাবে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মুহা. মনিরুজ্জামানকে দেওয়া হয়েছে।

গত সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬ এর ধারা ৪২ (খ) অনুযায়ী ঢাকা ওয়াসা বোর্ডের অপসারণকালীন সময়ের জন্য বোর্ডের সকল দায়িত্ব বর্তমান ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মুহা. মনিরুজ্জামানকে প্রদান করা হলো।’

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব তাহলিমা শিরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

তবে বোর্ড বাতিলের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

এর আগে গত ২৫ আগস্ট মনিরুজ্জামানকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। তিনি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক সাব্বির মোস্তফা খানকে গত ২ আগস্ট তিন বছর মেয়াদে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। ঢাকা ওয়াসা রাজধানী ও আশপাশের এলাকায় পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন এবং সংশ্লিষ্ট অবকাঠামো ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।