প্রিন্ট এর তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৯ পিএম || প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ০৯:২১ এএম
ইরানের ওপর নতুন করে হামলার বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাবিদ লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে বরখাস্ত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
এক প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, জয়েন্ট চিফস অব স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক বিভাগের প্রধানের দায়িত্ব থেকে সিলভিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। সামরিক মহলে এ পদটি ‘জে-৫’ নামে পরিচিত।
হেগসেথের দায়িত্বকালে এই পদ থেকে সরিয়ে দেওয়া দ্বিতীয় জেনারেল সিলভিয়া। তার আগে লেফটেন্যান্ট জেনারেল জোসেফ ম্যাকগিকে গত বছরের অক্টোবরে অবসরে যেতে বাধ্য করা হয়েছিল।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, সিলভিয়ার স্থলাভিষিক্ত হিসেবে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি। তাকে বরখাস্ত করার কারণও জানানো হয়নি। এর আগে দ্য আটলান্টিক এ খবর প্রকাশ করে।
জয়েন্ট স্টাফের এক মুখপাত্র সিলভিয়ার ৩২ বছরের সামরিক সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তার ও তার পরিবারের মঙ্গল কামনা করেছেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল; অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)
সূত্র: নতুন আরএসএস সোর্স