গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০৩:০০ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ১২:২৯ পিএম

প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডসের চূড়ান্ত বিচারকার্য সম্পন্ন

জাতীয়
গণমাধ্যম ডেক্স
প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডসের চূড়ান্ত বিচারকার্য সম্পন্ন

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সৃজনশীলতার বিকাশ ও নতুন প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে আয়োজিত ‘প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৬’-এর চূড়ান্ত বিচারকার্য অনুষ্ঠিত হয়েছে।

দেশের চলচ্চিত্র, বিজ্ঞাপন, ব্র্যান্ডিং, ফ্যাশন, সংগীত, মার্কেটিং ও সৃজনশীল যোগাযোগ শিল্পের ৯ বিশিষ্ট ব্যক্তিত্ব এতে বিচারক হিসেবে অংশ নেন। রাজধানীতে দ্য ডেইলি স্টার কনফারেন্স হলে এ বিচারকার্য অনুষ্ঠিত হয়।

স্পাইকস্টোরি লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য Human Creativity. AI Possibilities.। মানুষের কল্পনা, সৃজনশীল চিন্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে নতুন ধারার সৃজনশীল কাজকে উৎসাহিত করা এবং দেশের এআই ক্রিয়েটিভ কমিউনিটিকে এগিয়ে নেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৬-এর চূড়ান্ত বিচারকমণ্ডলীতে বিভিন্ন শিল্পের অভিজ্ঞ ও স্বনামধন্য পেশাজীবীরা রয়েছেন। তারা হলেন:

●    অমিতাভ রেজা চৌধুরী- চলচ্চিত্র নির্মাতা
●    তানজিলা বাহার চৌধুরী- হেড অব মার্কেটিং, প্রাণ-আরএফএল গ্রুপ
●    হাসিব হাসান চৌধুরী- প্রতিষ্ঠাতা, সিবস সল্যুশন
●    কিংকর আহসান- লেখক ও সিইও, হাভাস বাংলাদেশ
●    সাজিদ মাহবুব- গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার ও এক্সিকিউটিভ এডিটর, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম
●    হাসিবুল হোসেন উপল- ড্রামার, ড্রিক
●    আহমেদ তুহিন রেজা- ব্যবস্থাপনা পরিচালক ও ক্রিয়েটিভ ডিরেক্টর, হাউস অব আহমেদ
●    ইসমামুল ফারহাদ- লিড গিটারিস্ট, শূন্য; কমিউনিকেশনস স্ট্র্যাটেজিস্ট
●    মাহাদী ফয়সাল- সংগীতশিল্পী ও মার্কেটিং ডিরেক্টর, এসিআই লজিস্টিকস লিমিটেড

বিভিন্ন শিল্পে তাদের অভিজ্ঞতা ও দক্ষতা প্রতিযোগিতায় জমা পড়া কাজের মৌলিকত্ব, প্রযুক্তির কার্যকর ব্যবহার, গল্প বলার সক্ষমতা, নান্দনিকতা ও সামগ্রিক প্রভাব মূল্যায়নে বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি যুক্ত করেছে।

এবারের আয়োজনে চারটি বিভাগে সৃজনশীল কাজ মূল্যায়ন করা হচ্ছে। বিভাগগুলো হলো- এআই বিজ্ঞাপন, এআই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, এআই মিউজিক ভিডিও এবং এআই ফ্যাশন। এসব বিভাগের মাধ্যমে বিজ্ঞাপন, চলচ্চিত্র, সংগীত ও ফ্যাশনশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার বহুমুখী ব্যবহার এবং প্রযুক্তিনির্ভর সৃজনশীলতার নতুন সম্ভাবনা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।

আয়োজকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা সৃজনশীল কাজের প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনছে। তবে এআই প্রযুক্তির ব্যবহারই কোনো কাজের একমাত্র মূল্যায়নযোগ্য দিক নয়। এর পেছনে থাকা মানুষের নিজস্ব ভাবনা, মৌলিক ধারণা, গল্প বলার দক্ষতা এবং সৃজনশীল সিদ্ধান্তও সমান গুরুত্বপূর্ণ।

চূড়ান্ত পর্যায়ে জমা পড়া কাজগুলোর বৈচিত্র্য বাংলাদেশের এআই-নির্ভর সৃজনশীলতা নিয়ে ক্রমবর্ধমান আগ্রহ ও সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। এসব কাজের মধ্য থেকে সেরাগুলো নির্বাচন করতে বিচারকদের মৌলিকত্ব, সৃজনশীল বাস্তবায়ন, প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং কাজের সামগ্রিক প্রভাব বিবেচনায় নিতে হচ্ছে।

স্পাইকস্টোরি লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য নতুন প্রজন্মের ক্রিয়েটরদের পরীক্ষা-নিরীক্ষা, উদ্ভাবন এবং নিজস্ব সৃজনশীল ভাষা বিকাশে উৎসাহিত করা। পাশাপাশি নতুন নির্মাতাদের সঙ্গে শিল্পের অভিজ্ঞ পেশাজীবীদের সংযোগ তৈরি এবং বাংলাদেশের এআই-নির্ভর সৃজনশীল কাজকে বৃহত্তর পরিসরে তুলে ধরার সুযোগ সৃষ্টি করাও এ উদ্যোগের লক্ষ্য।

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের সৃজনশীলতার সম্পর্ক কীভাবে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে, তা তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার উপযোগী সৃজনশীল কাজ তৈরিতে ভূমিকা রাখতে চায় প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস।

প্রতিযোগিতাটির পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পর্কে পরবর্তী ঘোষণা আয়োজকদের আনুষ্ঠানিক যোগাযোগমাধ্যমে জানানো হবে।

প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৬ স্পাইকস্টোরি লিমিটেডের একটি উদ্যোগ। ‘Human Creativity AI Possibilities’ প্রতিপাদ্যে আয়োজিত এ উদ্যোগের লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সৃজনশীল কাজকে স্বীকৃতি দেওয়া, নতুন প্রতিভাকে উৎসাহিত করা এবং বাংলাদেশের এআই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির বিকাশে অবদান রাখা।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।