যশোরের ঝিকরগাছায় বাড়ির পাশের দুই শতক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে আশিকুজ্জামান (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো চাচার পরিবারের বিরুদ্ধে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সোনাকুড় গ্রামে দুই পরিবারের দ্বিতীয় দফা সংঘর্ষে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে অভিযুক্ত ফজলুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত আশিকুজ্জামান সোনাকুড় গ্রামের আছির উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রের প্যাথলজি বিভাগে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের দুই শতক জমি নিয়ে আছির উদ্দিন ও তার চাচাতো ভাই ফজলুর রহমানের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারিতে আছির উদ্দিন ও তার বড় ছেলে আশরাফুজ্জামান (৫০) আহত হন।
আছির উদ্দিনের দাবি, এ বিরোধের জেরে তার ভাই ফজলুর রহমান, নজরুল ইসলাম এবং নজরুলের দুই ছেলে আরিফ ও মনিরুজ্জামান তার ছেলেকে কুপিয়ে হত্যা করেছেন।
তিনি জানান, ঘটনার সময় আশিকুজ্জামান বাড়িতে ছিলেন না। রাতে কর্মস্থল থেকে ফিরে বাবা ও ভাইকে রক্তাক্ত অবস্থায় দেখে তিনি ক্ষুব্ধ হন। এরপর রাত পৌনে একটার দিকে দুই পরিবারের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। এ সময় ফজলুর রহমান, তার ভাই নজরুল ইসলাম এবং নজরুলের দুই ছেলে ঘরে থাকা দা দিয়ে আশিকুজ্জামানকে এলোপাতাড়ি কোপান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আশিকুজ্জামানের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর চিকিৎসাধীন অবস্থায় ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স