২০২৩ সালের পর থেকে আফ্রিকার বিভিন্ন দেশে নতুন করে ৮টি দূতাবাস চালু করেছে রাশিয়া। এর ফলে মহাদেশটিতে রাশিয়ার মোট দূতাবাসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮টিতে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মস্কোতে রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে এ তথ্য জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সম্মেলনে পুতিন বলেন, আফ্রিকায় রাশিয়ার কূটনৈতিক উপস্থিতি সম্প্রসারণে ধারাবাহিকভাবে কাজ করছে মস্কো। ২০২৩ সালে অনুষ্ঠিত আগের শীর্ষ সম্মেলনের পর ৮টি নতুন রুশ দূতাবাস কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে রাশিয়ায় আফ্রিকার দেশগুলোর কূটনৈতিক উপস্থিতিও বাড়ছে।
মস্কোতে নতুন দূতাবাস খোলার পরিকল্পনা করছে বতসোয়ানা, সেশেলস ও টোগো। দেশগুলোর এ উদ্যোগকে রাশিয়া সমর্থন করছে বলেও জানান পুতিন।
কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি আফ্রিকায় অর্থনৈতিক উপস্থিতি বাড়ানোর ওপরও গুরুত্ব দেন রুশ প্রেসিডেন্ট। তিনি জানান, বর্তমানে আফ্রিকায় রাশিয়ার ছয়টি বাণিজ্যিক মিশন রয়েছে। এসব মিশনের কার্যক্রম মহাদেশটির ১৬টি দেশে বিস্তৃত।
এ ছাড়া আফ্রিকায় রাশিয়ার খনিজ সার সরবরাহ বৃদ্ধির কথাও তুলে ধরেন পুতিন। তার দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর আফ্রিকায় প্রায় ১৫ লাখ টন খনিজ সার সরবরাহ করেছে রাশিয়া। চলতি বছরে এ সরবরাহের পরিমাণ ইতোমধ্যে ২২ লাখ টন ছাড়িয়ে গেছে।
কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধি এবং কৃষি খাতে সরবরাহ বাড়ানোর মধ্য দিয়ে আফ্রিকার দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদারের চেষ্টা করছে মস্কো।
সূত্র: কালবেলা