গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ১২:৩৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ০৬:৩৬ পিএম

সাবেক কাউন্সিলর মমিনুল হক সাঈদের ৭ বছরের কারাদণ্ড

জাতীয়
গণমাধ্যম ডেক্স
সাবেক কাউন্সিলর মমিনুল হক সাঈদের ৭ বছরের কারাদণ্ড

দুর্নীতির অভিযোগে করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তার ২ কোটি ৯৩ লাখ টাকার ক্রোক করা সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত এবং ৫ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ২২৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক হামিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন। এ সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাও জারি করা হয়।

দুদকের পাবলিক প্রসিকিউটর এস এম আবুল কালাম আজাদ জানান, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে আসামিকে ৫ বছরের কারাদণ্ড ও অপরাধজনক অসদাচরণের দায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০১৯ সালের ২০ নভেম্বর ৪ কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ২৬১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, অসৎ উদ্দেশ্যে নিজ ক্ষমতার অপব্যবহার করে ক্যাসিনো ব্যবসাসহ বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে তিনি এসব সম্পদ অর্জন করেন, যা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

মামলাটি তদন্ত শেষে ২০২২ সালের ১৭ এপ্রিল দুদকের সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে ১৩ জন সাক্ষীর মধ্যে ১৩ জনই আদালতে সাক্ষ্য দেন।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।