গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০৩:০২ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৫১ পিএম

চীনের প্রতি সমর্থন জানিয়ে তাইওয়ানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করল পাকিস্তান

জাতীয়
গণমাধ্যম ডেক্স
চীনের প্রতি সমর্থন জানিয়ে তাইওয়ানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করল পাকিস্তান

চীনের ‘এক চীন’ নীতির প্রতি সমর্থন জানিয়ে তাইওয়ানের উড়োজাহাজ চলাচলের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। বুধবার (২৮ অক্টোবর) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বেইজিংয়ের এক চীন নীতির সমর্থনে এ ধরনের পদক্ষেপ নেওয়া প্রথম দেশ পাকিস্তান।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফকে উদ্ধৃত করে ব্লুমবার্গ জানিয়েছে, দেশটির বেসামরিক বিমান চলাচল বিভাগ এক চীন নীতি অনুসরণ করছে। ফলে শুধু চীনের মূল ভূখণ্ডের উড়োজাহাজ সংস্থাগুলো পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি পাবে, তাইওয়ানের সংস্থাগুলো নয়।

খাজা আসিফ বলেন, পাকিস্তানের আকাশসীমা দিয়ে এখন থেকে চীনের গণপ্রজাতন্ত্রের উড়োজাহাজ চলাচল করতে পারবে। তবে তাইওয়ানের উড়োজাহাজ সংস্থাগুলো এ সুবিধা পাবে না।

প্রতিবেদনে উল্লেখ করা উড়োজাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, গত সপ্তাহান্ত থেকেই তাইওয়ানের বিমান সংস্থাগুলো তাদের ফ্লাইটের রুট পরিবর্তন করতে শুরু করেছে। রোববারের মধ্যে চায়না এয়ারলাইনস লিমিটেড ও ইভা এয়ারওয়েজ করপোরেশন পাকিস্তানের আকাশসীমা ব্যবহার বন্ধ করে দেয়।

এ বিষয়ে ব্লুমবার্গের প্রশ্নে কোনো মন্তব্য করেনি সংস্থা দুটি। তাইওয়ানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও ফ্লাইটের রুট পরিবর্তনের খবর নিয়ে কোনো বক্তব্য দেয়নি।

পাকিস্তানের এ নিষেধাজ্ঞা চীনের নিজস্ব বিধিনিষেধের চেয়েও কঠোর। কারণ, চীন নিজেদের ভূখণ্ডের ওপর দিয়ে তাইওয়ানের বিমান সংস্থাগুলোকে উড়োজাহাজ চালানোর অনুমতি দিয়ে থাকে।

বেইজিং তাইওয়ানকে চীনের অংশ বলে মনে করে এবং দ্বীপটিকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি প্রদেশ হিসেবে বর্ণনা করে। অন্যদিকে, তাইপের অবস্থান হলো, তাইওয়ান একটি স্বাধীন ভূখণ্ড।

এক চীন নীতির প্রতি সমর্থন জানিয়ে ১৯৫১ সালে তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করে পাকিস্তান। এ নীতি অনুযায়ী, চীনের একমাত্র বৈধ সরকার হিসেবে বেইজিংকে স্বীকৃতি দেওয়া হয়।

ইসলামাবাদ ও বেইজিংয়ের মধ্যে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্কও ক্রমেই জোরদার হয়েছে। চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অন্যতম প্রধান প্রকল্প চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের মাধ্যমে পাকিস্তানে কয়েক শ কোটি ডলার বিনিয়োগ করেছে বেইজিং।

এ ছাড়া পাকিস্তানের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ চীন। মঙ্গলবার দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত করার অংশ হিসেবে চীন-পাকিস্তান তথ্য করিডর চালু করেছে বেইজিং।

সূত্র : ব্লুমবার্গ

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।