গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০৩:০১ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ০৫:৩৪ পিএম

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক 

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক 

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়ায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর উদ্ধার করা হয়েছে। ফলে ঢাকা-উত্তরবঙ্গ রুটে প্রায় ছয় ঘণ্টা পর ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মহেড়া রেলওয়ে স্টেশন এলাকায় চিলাহাটিগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যাহত হয়। বিভিন্ন স্টেশনে আটকা পড়ে কয়েকটি ট্রেন। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে চিলাহাটিগামী ‘নিলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে এর পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে রেললাইনের ব্লক পয়েন্টসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে সাময়িকভাবে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর লাইনচ্যুত বগি উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করা হয়।

মহেড়া রেলওয়ে স্টেশনের মাস্টার রকিবুল হাসান জানান, বর্তমানে ব্রডগেজ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত এক কিলোমিটার এলাকায় সতর্কতার অংশ হিসেবে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।
 

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।