প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সাংগঠনিক সভা করেছে রাজশাহী বন্ধুসভা। ২৬ অক্টোবর প্রথম আলো রাজশাহী অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার সিদ্ধান্ত মোতাবেক, আগামী ৭ নভেম্বর রাজশাহীর লালন শাহ মুক্তমঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে রাজশাহীর লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে রাজশাহীর বিলুপ্তপ্রায় লোকসংগীত বারোশিয়া গান ও পদ্মপুরাণ গান পরিবেশনের পরিকল্পনা গ্রহণ করা হয়। পাশাপাশি মাদক ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশিত হবে ঐতিহ্যবাহী গম্ভীরা। এ ছাড়া বন্ধু সুমনের নেতৃত্বে একটি ছোট নাটিকা ও মূকাভিনয় পরিবেশনের সিদ্ধান্তও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এ বিষয়ে রাজশাহী বন্ধুসভার সাধারণ সম্পাদক ইসরাত জাহান বলেন, ‘আমাদের প্রত্যাশা, ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির সংরক্ষণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রসারের মধ্য দিয়ে এবারের আয়োজন হয়ে উঠবে ব্যতিক্রমী ও অর্থবহ।’
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের পাশাপাশি এ আয়োজন রাজশাহীর সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় সভাপতিত্ব করেন বন্ধুসভার সভাপতি সোহান রেজা।
সাধারণ সম্পাদক, রাজশাহী বন্ধুসভা
সূত্র: প্রথম আলো