জাতীয় নাগরিক পার্টি, এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বিএনপি সরকার একলা চলো নীতিতে চলছে। জনগণের গণরায়কে উপেক্ষা করে, জুলাই সনদ বাস্তবায়ন না করে, সংবিধান সংশোধন কমিটির নামে নাটক ও টালবাহানা করছে। গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার নাই।
বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর বাড্ডা-লিংক রোড এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
আলী আহসান জুনায়েদ বলেন, সরকার জনগণের অধিকারকে ক্ষুণ্ন করে, জনগণের নিরাপত্তার ব্যাপারে সরকারকে উদাসীন দেখতে পাচ্ছি। একইসঙ্গে দেশের সাধারণ মানুষ সংসার চালাতেও হিমশিম খেতে হচ্ছে। গ্যাসের দাম নিয়ে গণশুনানির কথা থাকলেও সরকার সেটিকে আর মূল্যায়ন করছে না। যখন যা ইচ্ছা দাম বাড়িয়ে জনগণের ওপর উচ্চমূল্যের খড়গ বসিয়ে দিচ্ছে।
তিনি আরও বলেন, যে দেশের সরকার মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, এনসিপিও সে সরকারকে সহযোগিতা করবে না। আমরা চেয়েছিলাম, গণঅভ্যুত্থান পরবর্তী সরকারকে সহযোগিতা করে দেশকে এগিয়ে নিতে। কিন্তু সরকার গণরায় উপেক্ষা করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে।
এদিন, আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন এনসিপির নেতারা।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন এমপি, সালেহ উদ্দিন সিফাত ও যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সূত্র: নতুন আরএসএস সোর্স