গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬, ০৬:১৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ১০:৫৯ এএম

‘ডাকিনী বিদ্যা’য় পায়েল সরকার

জাতীয়
গণমাধ্যম ডেক্স
‘ডাকিনী বিদ্যা’য় পায়েল সরকার

পর্দায় এবার আসছে ‘ডাকিনী বিদ্যা’। প্রচলিত ধারণা অনুযায়ী এই শব্দবন্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মারণ, উচাটন ও বশীকরণের মতো বিষয়, যার সাহায্যে নাকি সহজেই মানুষের ক্ষতি করা যায়। নামের মধ্যেই এক ধরনের ভয় কাজ করে। কিন্তু ডাকিনী বিদ্যা মানেই শুধুই খারাপ কিছু নয়, সৌনব নাগ পরিচালিত নতুন ছবিতে উঠে আসবে ঠিক এই বার্তাটিই।

‘ডাকিনী বিদ্যা’ নামের টালিউডের এই সিনেমায় অভিনয় করছেন পায়েল সরকার, ঋষভ বসু, বিশ্বরূপ বিশ্বাস ও সাহেব চট্টোপাধ্যায়। ছবিতে দেখানো হবে যে ডাকিনী বিদ্যা আসলে কোনো ক্ষতিকর সাধনা নয়। তন্ত্রের ব্যবহার কীভাবে হয়, এর প্রভাবে মানুষের কি শুধুই ক্ষতি হয় নাকি ভালো কিছুও হয়, সে কথাই বলবে এই ছবি। এ ছাড়া ছবির চরিত্রেরা কীভাবে এই বিদ্যার সঙ্গে জড়িয়ে পড়েছে, তার উত্তরও মিলবে সিনেমায়।

কারা আসলে ডাকিনী, যক্ষিণী ও কর্ণপিশাচিনী এবং তাদের সঙ্গে সংযোগের বিদ্যাটি ঠিক কেমন, তা নিয়ে ছবিটিতে আলোচনা করা হবে। এই বিদ্যা কীভাবে লাভ করা যায় এবং তা অর্জনের পর একজন সাধকের কী পরিণতি হয়, সেসব প্রশ্নের সন্ধানও মিলবে এখানে। গল্পের পরতে পরতে জড়িয়ে রয়েছে রহস্য ও প্রতিশোধের আখ্যান। ছবির কিছু অংশের শুটিং হবে সুন্দরবনে, ফলে পর্দায় ভেসে উঠবে সুন্দরবনের মনোরম কিছু দৃশ্য। সেই সুন্দর প্রকৃতি আবার কখনো ভয়ঙ্কর রূপও ধারণ করবে। এই রোমাঞ্চের পাশাপাশি পর্দায় ফুটে উঠবে প্রেমের একটি গল্পও।

পরিচালক জানিয়েছেন, এই ছবি মূলত প্রেম, জীবন ও প্রতিশোধের আখ্যান। ছবিতে যেমন ভয় রয়েছে, তেমনই রয়েছে প্রেম এবং নাচ ও গান। কীভাবে তন্ত্র ছবির চরিত্রগুলোর দৈনন্দিন জীবনকে নিয়ন্ত্রণ করছে, তা-ই ফুটিয়ে তোলা হবে পুরো ছবি জুড়ে।

ছবিটিতে আরও একটি দীর্ঘ তারকাকুল রয়েছে। উল্লেখ্য, অমিতাভ ভট্টাচার্য, পারিজাত চৌধুরী, শ্রীতমা বৈদ্য, শ্রীতমা দে, অরুণাভ দে, শতদীপ সাহা, প্রদীপ ধর, পারমিতা মুখোপাধ্যায় ও অনির্বাণ সিকদারও এই সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন।

সূত্র: আনন্দবাজার

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।