গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৮:১৮ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ১০:৫৫ পিএম

তাইজ অবরুদ্ধ করার অভিযোগ অস্বীকার হুতি নেতার

জাতীয়
গণমাধ্যম ডেক্স
তাইজ অবরুদ্ধ করার অভিযোগ অস্বীকার হুতি নেতার

ইয়েমেনের তাইজ শহর অবরুদ্ধ করে রাখার অভিযোগ অস্বীকার করেছেন হুতি নেতা আবদেল মালেক আল-হুতি। তার দাবি, শহরে খাদ্য, ওষুধ ও মানবিক সহায়তা প্রবেশে কোনো বাধা নেই; শুধু অস্ত্র প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেওয়া এক ভাষণে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর এ নেতা বলেন, তাইজ শহরে খাদ্য সরবরাহ, ওষুধ ও মানবিক প্রয়োজনীয় সামগ্রী প্রবেশের পথ খোলা রয়েছে। এমনকি সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর জন্যও এ সুযোগ রয়েছে।

তবে স্থানীয় পরিস্থিতি নিয়ে ভিন্ন চিত্র পাওয়া যাচ্ছে। গত অক্টোবরের শুরু থেকে তাইজ শহরের সঙ্গে সংযোগকারী দুটি স্থলপথ বন্ধ হয়ে যাওয়ায় শহরটি কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত ৪ অক্টোবরের মধ্যে আল-তুরবাহ শহর হুতিদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় তাইজ-আল-তুরবাহ-এডেন সড়কটি বিচ্ছিন্ন হয়ে যায়। পণ্য পরিবহনের জন্য এটি ছিল গুরুত্বপূর্ণ একটি পথ।

তাইজ দখলে নিতে শহরটির চারপাশের একাধিক ফ্রন্টে লড়াই চালিয়ে যাচ্ছে হুথি বাহিনী। অন্যদিকে, ইয়েমেনের সরকারি বাহিনী ও তাদের মিত্ররা হুতিদের অগ্রযাত্রা ঠেকানোর দাবি করেছে।

এ সংঘাতের কারণে ইয়েমেনে মানবিক ও স্বাস্থ্য সংকট আরও তীব্র হয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) সতর্ক করে বলেছে, তাইজ শহরে আটকে পড়া ৮ লাখ মানুষের কাছে জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার সময় দ্রুত ফুরিয়ে আসছে।

শহরটির যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন থাকা এবং অব্যাহত লড়াইয়ের কারণে খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সহায়তা সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সূত্র: আলজাজিরা

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।