গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০৯:৩৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ০২:৫৫ এএম

জবির দ্বিতীয় সমাবর্তনের ফি হ্রাস, অংশ নিতে পারবেন আগের শিক্ষার্থীরাও

জাতীয়
গণমাধ্যম ডেক্স
জবির দ্বিতীয় সমাবর্তনের ফি হ্রাস, অংশ নিতে পারবেন আগের শিক্ষার্থীরাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনের নিবন্ধন ফি পুনর্নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি প্রথম সমাবর্তনে অংশগ্রহণ করতে না পারা শিক্ষার্থীদেরও দ্বিতীয় সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক (সম্মান), বিবিএ ও সমমানের ডিগ্রির নিবন্ধন ফি ৩ হাজার ৫০০ টাকা এবং মূল সনদ ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে মোট ফি দাঁড়িয়েছে ৪ হাজার টাকা, যা আগের নির্ধারিত ৫ হাজার ৫০০ টাকার তুলনায় ১ হাজার ৫০০ টাকা কম।

স্নাতকোত্তর, এমবিএ ও সমমানের ডিগ্রির ক্ষেত্রে নিবন্ধন ফি ৪ হাজার টাকা এবং মূল সনদ ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে মোট ফি ৪ হাজার ৫০০ টাকা, যা আগের ৬ হাজার ৫০০ টাকার তুলনায় ২ হাজার টাকা কমানো হয়েছে।

অন্যদিকে, এমফিল ও পিএইচডি ডিগ্রির নিবন্ধন ফি ৬ হাজার ৫০০ টাকা এবং মূল সনদ ফি ১ হাজার টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

এছাড়াও স্নাতকোত্তর (প্রফেশনাল) ডিগ্রির নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং মূল সনদ ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে যা আগের নির্ধারিত ফি’র সমান। তবে ক্ষেত্রবিশেষে এর সঙ্গে অতিরিক্ত সার্ভিস চার্জ যুক্ত হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে অংশগ্রহণ করতে না পারা শিক্ষার্থীদের জন্যও দ্বিতীয় সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।