গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০৫:১৬ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ১০:২৮ পিএম

ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা

ট্রাফিক ব্যবস্থাপনায় দক্ষতা, দায়িত্বশীলতা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে কনস্টেবল থেকে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) পর্যন্ত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের পুরস্কৃত করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগ।

সেপ্টেম্বর মাসের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা সদস্যদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

সম্প্রতি উত্তরার রাজলক্ষ্মীর  সি শেল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি প্যালেসে ট্রাফিক উত্তর বিভাগের আয়োজনে অনুষ্ঠিত কল্যাণ সভায় এ পুরস্কার দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শাহজাহান হোসেন। 

সেপ্টেম্বর ২০২৬ মাসের কর্মদক্ষতা ও পারফরম্যান্সের ভিত্তিতে শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর নির্বাচিত হন সুজাহ উদ্দিন। শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হন মো. মারুফ রহমান ভূঁইয়া। শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন রুবিউল ইসলাম এবং শ্রেষ্ঠ কনস্টেবল নির্বাচিত হন মো. নজরুল ইসলাম। এ ছাড়া কনস্টেবল থেকে টিআই পদমর্যাদার আরও ছয় পুলিশ সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

কল্যাণ সভায় জনবান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলা, সাধারণ মানুষকে সর্বোত্তম ট্রাফিক সেবা দেওয়া এবং সড়কে দায়িত্ব পালনরত ট্রাফিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় পেশাদারত্ব, শৃঙ্খলা ও সেবার মান আরও উন্নত করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন ট্রাফিক উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শাহজাহান হোসেন,পিপিএম।

অনুষ্ঠানে দায়িত্ব পালনে দক্ষতা ও ভালো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের পুরস্কৃত করার পাশাপাশি জনসাধারণের ভোগান্তি কমানো এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানানো হয়।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।