সিরাজগঞ্জের মহাসড়কে পুলিশভ্যানের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানার একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)সহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সানতু।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন যমুনা সেতু পশ্চিম থানার এএসআই মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, গাড়িচালক কনস্টেবল আব্দুল গফুর, কনস্টেবল নাসিমুজ্জামান ও মোরশেদুল ইসলাম।
পুলিশ সুপার বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিক্ষোভ মিছিলের সময় সেখানে পুলিশভ্যান দেখা গেছে। এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে ভ্যানে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
এর আগে, বুধবার (২৮ অক্টোবর) ভোরে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক এলাকায় বিক্ষোভ মিছিল করেন যুবলীগের নেতাকর্মীরা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলটির নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে এ মিছিল করা হয়। মিছিলের একটি ভিডিও আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ফেসবুক অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজেও মিছিলের ছবি পোস্ট করা হয়। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
এদিকে, মিছিলের পর বুধবার রাতে সিরাজগঞ্জ ও কামারখন্দ থানা পুলিশ অভিযান চালিয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স