কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, চোরাকারবারি, ডাকাতির মামলার তদন্তে পাওয়া আসামি, জিআর পরোয়ানাভুক্ত আসামিসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ( ২৯ অক্টোবর ) সন্ধ্যায় থানা-পুলিশ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেঁতাভূমি নোয়াপাড়া এলাকায় উপপরিদর্শক আল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এ সময় ওই এলাকার একটি বাড়ির দরজার সামনে থেকে ৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।
তারা হলেন- বিল্লাল হোসেন (৫৫), সোহেল (৪২), বাদশা (৪৮), হারুন (৬৮), শহিদ মিয়া (৫৭), নাজমুল হক (৪৭) ও মমিনুল ইসলাম (৬০)। অন্য এক অভিযানে শশীদল রেলস্টেশনের পশ্চিম পাশ থেকে ভারতীয় বাজি, স্কিনশাইন ক্রিমসহ সায়েম (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
অপর এক অভিযানে উপজেলার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল-বাঁশতলী ইটের সলিং সড়কে উপপরিদর্শক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ৪০ বোতল স্কাফ সিরাপ ও একটি নীল রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় মনিরুজ্জামান মিয়াদ (২৩ ) ও আল আমিন (৩৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, সহকারী উপপরিদর্শক রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ডাকাতির প্রস্তুতি ও ডাকাতিসংক্রান্ত একটি মামলার তদন্তে পাওয়া আসামি শাহারুল ইসলাম তাজিম জাবেদ হাসানকে (২০) গ্রেপ্তার করে পুলিশ। একই অভিযানে জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি জুবায়েরকেও গ্রেপ্তার করা।
এছাড়া উপপরিদর্শক সুজন কুমার আচার্য্য ও মো. শামীম হোসেনের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে দুই মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সামারি ট্রায়ালের আদালতে পাঠানো হয়েছে। তারা হলেন, সোহেল আজাদ (২৩) ও দেলোয়ার হোসেন (৪০)।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: কালবেলা