গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০১:৩৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০৯:৫৯ এএম

মার্কিন মুলুকে চাঁদের লুকোচুরি, করওয়া চৌথের উপোস ভাঙতে গিয়ে নাজেহাল প্রীতি-প্রিয়াঙ্কারা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
মার্কিন মুলুকে চাঁদের লুকোচুরি, করওয়া চৌথের উপোস ভাঙতে গিয়ে নাজেহাল প্রীতি-প্রিয়াঙ্কারা

মার্কিন মুলুকে থাকলেও দেশের আচার-রীতি ভোলেননি প্রিয়াঙ্কা চোপড়া। তার ‘পরদেশীবাবু’ নিক জোনাসও বিগত কয়েক বছরে পুরোদস্তুর ‘সংস্কারি জামাই’ হয়ে উঠেছেন। কোনো রকম শুভ কাজের আগে পূজার জন্য জোরাজুরি করেন তিনি। গৃহিণীর যত না বেশি পূজায় মন, তার থেকেও নাকি বেশি নিয়ম মেনে পূজা পাঠ করেন নিক জোনাস। প্রীতি জিনতাও ব্যতিক্রম নন। বিদেশে থাকলেও প্রতি বছর স্বামী জেনে গুড এনাফের সঙ্গে নিয়ম মেনে করওয়া চৌথ পালন করেন তিনি। তবে এবার নাকি ‘চাঁদমামা’র লুকোচুরিতে নাস্তানাবুদ হয়েছেন এই দুই অভিনেত্রী।

লস অ্যাঞ্জেলসের আকাশে মেঘের আড়ালে ছিল চাঁদ। আর তাতেই করওয়া চৌথের উপোস ভাঙতে দেরি হয়। রীতি অনুযায়ী, চাঁদ দেখে স্বামীর মুখ দর্শনের পরই জল ও মিষ্টি খেয়ে উপোস ভাঙেন স্ত্রীরা। তাই প্রীতি জিনতা ও প্রিয়াঙ্কা চোপড়ারাও রাতের আকাশে চাঁদের অপেক্ষাতেই ছিলেন। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরও চাঁদের দেখা মেলেনি। অগত্যা অপেক্ষা করা ছাড়া উপায় ছিল না। প্রীতি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর ভাগ করে নিয়ে লিখেছেন, ‘চাঁদটা কি উধাও হয়ে গেল? নাকি এটা শুধু আমার একারই মনে হচ্ছে! আমাদের এখানকার আকাশে কেউ চাঁদ দেখেছেন? আমার করওয়া চৌথ ব্রত চলছে আর এমন সময়েই মেঘলা আকাশে লুকোচুরি খেলছে চাঁদ।’ প্রিয়াঙ্কা চোপড়ারও একই পরিস্থিতি হয়েছিল।

বুধবার রাতে লস অ্যাঞ্জেলসের বাংলোয় করওয়া চৌথ উদযাপনের বেশ কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন ‘দেশি গার্ল’। পরনে ছিল লাল সালোয়ার। ওড়না দিয়ে ঘোমটা টেনে আদ্যোপান্ত ট্র্যাডিশনাল মেজাজে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। স্বামী নিক জোনাসের নামে মেহেদি পরে তিনি লিখেছেন, ‘আমি বরাবর একটু বেশিই ফিল্মি।’ মায়ের ক্যামেরাবন্দি মুহূর্তে ধরা দিয়েছে রাজকন্যা মালতি মেরি জোনাসও। এরপরই একটি ছবি শেয়ার করে ‘অধৈর্য’ প্রিয়াঙ্কা লেখেন, ‘আরে চাঁদটা কখন দেখা যাবে?’ অতঃপর চাঁদের অপেক্ষায় উপোস ভাঙতে যে প্রীতি জিনতা এবং প্রিয়াঙ্কা চোপড়া উভয়েরই দেরি হয়েছে, তা বলাই বাহুল্য। তবে প্রতিবারের মতো এবারেও স্বামীর মঙ্গলকামনায় মার্কিন মুলুকে ঘটা করে করওয়া চৌথ পালন করেছেন দুই বলিউড অভিনেত্রী।

সূত্র: প্রতিদিন

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।