গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০২:১৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০৫:৩৬ এএম

জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে কেমন হলো ব্রাজিল দল

জাতীয়
গণমাধ্যম ডেক্স
জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে কেমন হলো ব্রাজিল দল

গত জুলাইয়ে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর ব্রাজিল দলকে ঢেলে সাজাতে চেয়েছিলেন কার্লো আনচেলত্তি। সেই লক্ষ্যে গত সেপ্টেম্বর–অক্টোবরে বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে বিশ্বকাপ স্কোয়াডের ১৫ জন খেলোয়াড়কে বাদ দেন। ২৬ জনের সেই স্কোয়াডে ৮ জন ছিল নতুন মুখ।

আগামী মাসে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বিশ্বকাপের পর এই দ্বিতীয় আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচের জন্য গতকাল রাতে ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেন ব্রাজিল কোচ আনচেলত্তি। বরাবরের মতো নতুনদের দলে ডেকে পরীক্ষা–নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন এই কোচ।

এবার আনচেলত্তির ২৬ জনের দলে নতুন মুখ ৫ জন। ১৫ খেলোয়াড়ের বয়স ২৩ বছর বা এর কম। এর মধ্যে ১০ জন ছিলেন গত সেপ্টেম্বর–অক্টোবরে ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের স্কোয়াডে। বোঝা যাচ্ছে, ২০৩০ বিশ্বকাপ জয়ের ‘ব্লু প্রিন্ট’ বানাতে অভিজ্ঞ খেলোয়াড়দের ধরে রাখার পাশাপাশি তরুণদের নিয়ে শক্ত ভিত গড়ার চেষ্টা করছেন এই কোচ।

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে বিশ্বকাপে সাধারণত সেরা দল নিয়েই যায় দেশগুলো। সে হিসাবে দলের গড় বয়সও বেশি থাকে। যেমন ধরুন, সর্বশেষ বিশ্বকাপ ব্রাজিল দলের খেলোয়াড়দের গড় বয়স ছিল ২৯.৬ বছর। বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর দলকে নতুন করে সাজাতে দলে তারুণ্যের জোয়ার আনেন আনচেলত্তি। আর তাই ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিল দলের খেলোয়াড়দের গড় বয়স নেমে আসে ২৪.৪ বছরে। কিন্তু এবার সেটা আরও কম। আনচেলত্তির এই স্কোয়াডের খেলোয়াড়দের গড় বয়স মাত্র ২২ বছর!

ব্রাজিল দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অ্যালান

জোনাথন জেসুস, আন্দ্রে লুইজ, মারলন গোমেজ, আলিসন সান্তানা ও অ্যালান আনচেলত্তির এই দলের পাঁচ নতুন মুখ। জেসুস ক্রুজেইরোর ডিফেন্ডার ও এবারের মৌসুমে ক্লাবটির বেশির ভাগ ম্যাচেই খেলেছেন। অ্যাটাকিং মিডফিল্ডার অ্যালান পালমেইরাস থেকে গত আগস্টে যোগ দেন ম্যানচেস্টার সিটিতে। গোমেজ শাখতার দোনেৎস্কের মিডফিল্ডার এবং একই ক্লাবে উইঙ্গার সান্তানা। লুইজ করিন্থিয়ান্সের মিডফিল্ডার। সবাই ২২ বছর কিংবা তার কম বয়সী।

পাঁচবার বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক রোনালদোর, ১০০০ গোলও খুব কাছে

তাঁদের জাতীয় দলে ডাকার বিষয়ে আনচেলত্তির ব্যাখ্যা, ‘প্রতিপক্ষের চেয়ে আমাদের কী দরকার, সেদিকে মনোযোগ দেওয়া বেশি জরুরি। দল ঢেলে সাজানো আমরা কী চাই। এটাই সেই আদর্শ সময়।’

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি২০২৭ পর্যন্ত আমাদের সঠিক পথটা খুঁজে বের করতে হবে। ২০২৮ সালে প্রীতি ম্যাচ, কোপা আমেরিকা ও বিশ্বকাপ বাছাইয়ে দলকে আরও সংহত করে ফেলব আমরা।

চেলসির নতুন কোচ জাবি আলোনসোর অধীনে এ মৌসুমে মাত্র দুই ম্যাচ খেলা উইঙ্গার এস্তেভাও জায়গা ধরে রেখেছেন। ইংলিশ ক্লাবটির হয়ে ১৭২ মিনিট মাঠে থাকা ১৯ বছর বয়সী এস্তেভাওকে দলে রাখা নিয়ে আনচেলত্তি বলেন, ‘এস্তেভাও ভবিষ্যৎ সম্ভাবনাময় একজন খেলোয়াড়। বর্তমানে তার চেয়ে ভালো পারফর্ম করছেন এমন খেলোয়াড়ও আছেন, কারণ সে নিয়মিত খেলছে না। আমাদের সঙ্গে তার থাকাটা ইতিবাচক এবং আমরা আশা করি সে তার প্রতিভার ঝলক দেখাতে পারবে।’

লিভারপুলের অভিজ্ঞ গোলকিপার আলিসন বেকারকে এবারও দলে রাখেননি আনচেলত্তি। এর ব্যাখ্যায় কোচ বলেছেন, ‘তাকে আমাদের পরখ করে দেখার দরকার নেই। তাকে আমরা ভালো জানি। সে সেরা গোলকিপার। কোপা আমেরিকা শুরু হলে তাকে ডাকা হবে। (বাদ পড়া) বাকিদের জন্যও কথাটা প্রযোজ্য। এ মুহূর্তটা হলো পর্যবেক্ষণের, স্কোয়াডে নতুন রক্ত সঞ্চার করার এবং তরুণ খেলোয়াড়দের তাঁদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে সাহায্য করার।’

এবারও তারুণ্যে ভরসা রেখেছেন আনচেলত্তি

ঘরোয়া লিগ শিরোপার লড়াইয়ে থাকা ক্লাবগুলোকে সুবিধা দিতে এবার তাদের খেলোয়াড়দের জাতীয় দলে ডাকা হয়নি। পালমেইরাস, ফ্ল্যামেঙ্গো ও আতলেতিকো মিনেইরোর মতো ক্লাবগুলো থেকে এবার কোনো খেলোয়াড়কে জাতীয় দলে রাখা হয়নি। তবে ব্রাজিলের ঘরোয়ায় খেলা ছয় ফুটবলার আছেন আনচেলত্তির দলে।

স্যান্ডউইচের গোল রুটি থেকে মাও সে–তুং, এমবাপ্পের ‘ডিক্টেটর’ মিমে চীন–স্পেন সম্পর্কে ঝড়

চোট পাওয়া মারকিনিওসের বাইরে অভিজ্ঞ ভিনিসিয়ুস, এনদ্রিক ও রাফিনিয়াকে দলে রেখেছেন আনচেলত্তি। স্প্যানিশ সংবাদমাধ্যমে কিছুদিন আগে জানা গিয়েছিল, রাফিনিয়া সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলে খেলে চোট নিয়ে ফেরায় বার্সা এবার তাঁকে ছাড়তে নারাজ। ব্যাপারটা নাকি তাঁরা ব্রাজিল ফুটবল কনফেডারেশনকেও (সিবিএফ) জানায়। কিন্তু এরপরও রাফিনিয়াকে ডেকেছেন আনচেলত্তি। চোট কাটিয়ে পুরো ফর্মে ফিরতে না পারলেও বার্সার সর্বশেষ ম্যাচ ‘এল ক্লাসিকো’য় গোল পান রাফিনিয়া।

ব্রাজিল স্কোয়াড:গোলরক্ষক: বেন্তো, লুকাস পেরি, পেদ্রো মরিসকো। ডিফেন্ডার: আর্থুর দিয়াজ, কার্লোস আগুস্তো, দগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, জাইর কুনিয়া, জোনাথন জেসুস, ভ্যান্ডারসন, ভিতর রেইস, ওয়েসলি। মিডফিল্ডার: আন্দ্রে, আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারায়েস, দানিলো, গ্যাব্রিয়েল বোনতেম্পো, জোয়াও গোমেজ, মারলন গোমেজ। ফরোয়ার্ড: আলিসন সান্তানা, অ্যালান, এস্তেভাও, রাফিনিয়া, রায়ান, এনদ্রিক ও ভিনিসিয়ুস জুনিয়র।
বার্সা তারকা রাফিনিয়াকে দলে রেখেছেন আনচেলত্তি

নিয়মিত সুযোগ পাওয়া ছয়জন অভিজ্ঞ খেলোয়াড়কে ব্রাজিল ‘দলের মেরুদণ্ড’ হিসেবে উল্লেখ করেন আনচেলত্তি। তাঁরা হলেন মারকিনিওস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ব্রুনো গিমারায়েস, দগলাস সান্তোস, রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

সংবাদ সম্মেলনে ব্রাজিল দলের নিকট–ভবিষ্যৎ লক্ষ্যও বলেছেন আনচেলত্তি, ‘২০২৭ পর্যন্ত আমাদের সঠিক পথটা খুঁজে বের করতে হবে। ২০২৮ সালে প্রীতি ম্যাচ, কোপা আমেরিকা ও বিশ্বকাপ বাছাইয়ে দলকে আরও সংহত করে ফেলব আমরা।’

সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে আগামী ১৪ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে প্রীতি ম্যাচে জাপানের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। একই স্টেডিয়ামে ১৭ নভেম্বর আনচেলত্তির দলের প্রতিপক্ষ স্বাগতিক সিঙ্গাপুর।

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।