বাংলাদেশে উৎপাদন সক্ষমতা বাড়ানো ও ব্যবসা সম্প্রসারণে বিনিয়োগ অব্যাহত রাখার অঙ্গীকার করেছে তুরস্কের কচ্ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বেকো। সম্প্রতি কচ্ হোল্ডিং ও বেকোর জ্যেষ্ঠ কর্মকর্তারা বাংলাদেশ সফরে এসে সিঙ্গার বাংলাদেশের উৎপাদন কারখানা, ধারণাভিত্তিক বিক্রয়কেন্দ্র (কনসেপ্ট স্টোর) ও করপোরেট কার্যালয় পরিদর্শন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রতিনিধিদলে ছিলেন কচ্ হোল্ডিংয়ের কনজ্যুমার ডিউরেবলস গ্রুপের প্রেসিডেন্ট পোলাট সেন; বেকো এশিয়া, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ও আর্সেলিক-হিটাচির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাফর উস্টুনার এবং বেকোর প্রধান উৎপাদন ও প্রযুক্তি কর্মকর্তা নিহাত বায়িজ।
সফররত কর্মকর্তাদের সামনে সিঙ্গার বাংলাদেশের ব্যবসায়িক কার্যক্রম ও বাংলাদেশে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও এম এইচ এম ফাইরোজ। তিনি বলেন, সিঙ্গার বাংলাদেশ উৎপাদন, ব্যবসা পরিচালনা এবং কর্মীদের কর্মপরিবেশ—এই তিন ক্ষেত্রে পরিবর্তন আনতে কাজ করছে।
সূত্র: প্রথম আলো