মিরপুর টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বোলিং তোপে পড়ে দ্রুত উইকেট হারিয়ে চাপে রয়েছে স্বাগতিক দল। বৃষ্টির কারণে চা বিরতি এগিয়ে আনার পর মাঠে নেমে আরও দ্রুত উইকেট হারিয়েছে বাংলাদেশ। দলীয় স্কোর বোর্ডে বড় রান যোগ করার আগেই নেই দলের ৬টি উইকেট।
আলোক স্বল্পতার কারণে খেলা আপাতত বন্ধ আছে। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করেছে। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের লিড এখন ১০৫ রানের।
তৃতীয় সেশনের খেলা শুরুর পরপরই উইকেটে থিতু হতে পারেননি ব্যাটাররা। ইনিংসের ১৪তম ওভারে ওয়ারিক্যানের বলে এলবিডব্লু হয়ে ফেরেন লিটন দাস। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি, ৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। লিটনের আউটের পর ক্রিজে আসা মেহেদী হাসান মিরাজও দলের বিপর্যয় রোধ করতে পারেননি।
ওয়ারিক্যানের একটি গুড লেংথের বল দ্রুত ভেতরে ঢোকার পাশাপাশি অতিরিক্ত বাউন্স করে। মিরাজের ব্যাটের ফাঁক গলে বল সরাসরি স্টাম্প আঘাত করলে ৯ রান করে বোল্ড হয়ে ফেরেন তিনি। লিটনের আউট থেকে শুরু করে সর্বশেষ মাত্র ২০ বলের ব্যবধানে ৩টি উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। এর আগে দলীয় ৩৫ রানের মাথায় দলের ৫ উইকেট হারায় স্বাগতিকরা।
এর আগে মিরপুরে হঠাৎ বৃষ্টি নামায় নির্ধারিত সময়ের আগেই চা বিরতি ঘোষণা করা হয়। দ্বিতীয় সেশনটি পুরোপুরি নিজেদের নামে করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে বড় লিড গড়তে না পারলেও ক্যারিবীয় বোলাররা বল হাতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দ্রুত উইকেট তুলে নেন।
সূত্র: নতুন আরএসএস সোর্স