গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬, ১১:০৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০৭:১৮ পিএম

গফরগাঁওয়ে চলন্ত মোহনগঞ্জ এক্সপ্রেসের ১২ বগি বিচ্ছিন্ন

জাতীয়
গণমাধ্যম ডেক্স
গফরগাঁওয়ে চলন্ত মোহনগঞ্জ এক্সপ্রেসের ১২ বগি বিচ্ছিন্ন

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ১২টি বগি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ সময় ইঞ্জিনসহ তিনটি বগি নিয়ে প্রায় দুই কিলোমিটার চলে যায় ট্রেনটি। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করে বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ ও মশাখালী স্টেশনের মধ্যবর্তী এলাকা অতিক্রম করার সময় হুক ভেঙে বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় ইঞ্জিনসহ ক, গ ও ঘ নম্বর বগি নিয়ে প্রায় দুই কিলোমিটার সামনে চলে যায় ট্রেনটি। পেছনে পাওয়ার কারসহ খ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ ও ড নম্বর বগিগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ওসি আরও জানান, বিষয়টি বুঝতে পেরে চালক ট্রেন থামিয়ে দেন। পরে ট্রেনটি পেছনে নিয়ে বিচ্ছিন্ন বগিগুলোর কাছে নেওয়া হয়। চালক, পরিচালক ও রেলওয়ের কর্মীদের প্রচেষ্টায় বিকেল সাড়ে ৪টার দিকে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করা হয়। এরপর ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে যাত্রা করে।

তিনি বলেন, ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বর্তমানে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে একই উপজেলার মাইজহাটি বটতলা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির সংযোগ বিচ্ছিন্ন হয়।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।