গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৫:৩৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০৪:৪৮ পিএম

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে প্রবাসীকে কুপিয়ে জখম

জাতীয়
গণমাধ্যম ডেক্স
টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে প্রবাসীকে কুপিয়ে জখম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৪১ শতক জমি নিয়ে বিরোধের জেরে রাসেল শিকদার (৪০) নামে এক প্রবাসীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় নারী-পুরুষসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত রাসেলকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার পাটগাতী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত রাসেল শিকদার ওই গ্রামের আব্দুল হালিম শিকদারের ছেলে। তিন মাস আগে তিনি কুয়েত থেকে দেশে ফেরেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া ও পাটগাতী মৌজার ১৪১ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে রাসেল শিকদারদের সঙ্গে প্রতিবেশী মিজান শিকদার ও বাচ্চু মোল্লাদের বিরোধ ও মামলা চলে আসছে। এর জেরে গত বুধবার মিজান শিকদার, বাচ্চু মোল্লা, তার ছেলে হাসিব মোল্লাসহ পরিবারের সদস্যরা রাসেলদের বাড়িতে হামলা করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ওই দিন বিকেলে টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ করেন রাসেল।

অভিযোগ অনুযায়ী, এর পরদিন বৃহস্পতিবার দুপুরে নামাজ শেষে বাড়ির পাশের একটি দোকানে অবস্থান করছিলেন রাসেল। এ সময় মিজান শিকদারসহ প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। রাসেলের চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। একপর্যায়ে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রাসেলকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।

রাসেলের চাচা ওহিদ শিকদার অভিযোগ করে বলেন, মিজান শিকদার ও বাচ্চু মোল্লাদের সঙ্গে জমি নিয়ে তাদের মামলা চলছিল। বুধবার মামলায় সাক্ষী হাজির করতে না পেরে হেরে যাওয়ার আশঙ্কায় আদালত থেকে ফিরেই তারা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা করেন। পরদিন বাড়ির সামনে রাসেলকে একা পেয়ে কুপিয়ে জখম করেন। তারা বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি। ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আহত রাসেলের চাচা ওহিদ শিকদার বাদী হয়ে ছয়জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।