গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ১১:৫৫ পিএম  ||  প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০৮:৫৫ পিএম

প্রতিহিংসার রাজনীতি নয়, সবাইকে নিয়ে দেশ গড়তে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জাতীয়
গণমাধ্যম ডেক্স
প্রতিহিংসার রাজনীতি নয়, সবাইকে নিয়ে দেশ গড়তে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সরকার সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় জানিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেছেন, প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চাই আমরা। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এখনও ফ্যাসিবাদের দোসররা অবস্থান করে সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড সরকারের নজরের বাইরে নয়। সবাইকে সংশোধনের সুযোগ দিতে চায় সরকার। তবে ভালো কাজের পথে কেউ বাধা সৃষ্টি করলে প্রয়োজনে সরকার আরও কঠোর অবস্থান নিতে বাধ্য হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে নর্থ বেঙ্গল সুগার মিল চত্বরে মিলের ৯৪তম মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুগার মিলের কর্মকর্তা-কর্মচারী বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা প্রভিডেন্ট ফান্ডের টাকা ও প্রণোদনার অর্থ পরিশোধের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। তবে প্রত্যেককে নিজের যোগ্যতা ও আন্তরিকতার মাধ্যমে দায়িত্ব পালনে সক্ষমতার প্রমাণ দিতে হবে। প্রতিষ্ঠানটির উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও বলেন, এ প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে চলবে না। মিলকে এগিয়ে নিতে কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক, আখচাষি ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সবার আন্তরিক সহযোগিতা ও প্রচেষ্টা ছাড়া মিলের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

ফারজানা শারমীন পুতুল বলেন, বাংলাদেশের মাটিতে যেন আর কখনো ৫ আগস্টের মতো পরিস্থিতির সৃষ্টি না হয়, সে দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। দেশের স্বার্থে, প্রতিষ্ঠানের উন্নয়নে এবং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ রেখে যেতে চাই, যেখানে আগামী প্রজন্ম শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির সঙ্গে বসবাস করতে পারবে।

নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া জানান, ১১৩ কার্যদিবসে ১ লাখ ৮০ হাজার টন আখ মাড়াই করে ১১ হাজার ৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে আখ থেকে চিনি আহরণের হার বা রিকভারি নির্ধারণ করা হয়েছে ৬.৫০ শতাংশ।

গত ২০২৫-২০২৬ মাড়াই মৌসুমে ১ লাখ ৭১ হাজার ৯৮২ টন আখ মাড়াই করে ৯ হাজার ৬৫৪ টন চিনি উৎপাদন করা হয়। তবে চলতি মাড়াই মৌসুমে আগের মৌসুমের তুলনায় ৮ হাজার ১৮ টন বেশি আখ মাড়াইয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে ২ হাজার ৪৬ টন এবং রিকভারি হার বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ০.৮৯ শতাংশ।

পরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলসহ অতিথিরা ডোঙ্গায় আখ নিক্ষেপ করে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্পের চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান, ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সুরাইয়া বেগম, মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া, লালপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মো. মেশকাতুল ইসলাম, উপজেলা বিএনপির সবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, সিবিএ সভাপতি মোমিনুল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টুসহ অনেকে।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।