শরীয়তপুরের ভেদরগঞ্জে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশ থেকে শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু মাদবর এবং শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সিকে দল থেকে বহিষ্কারসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সখিপুরের নরসিংহপুর ফেরিঘাট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মমিন দিদার।
সমাবেশে বক্তারা হুইপ অপুর বিরুদ্ধে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানান। তারা বলেন, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় ডামুড্যায় স্থাপনের বিষয়টি নিয়ে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। তবে মতপার্থক্য প্রকাশের ক্ষেত্রে শালীনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি। এসময় তারা সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সভাপতির বক্তব্যে মমিন দিদার বলেন, ‘রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে। শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় ডামুড্যায় স্থাপন নিয়ে ভিন্নমত থাকলে তা আলোচনার মাধ্যমে তুলে ধরা উচিত। মতপার্থক্যের কারণে কাউকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়া সমর্থনযোগ্য নয়। আমরা হুইপের বিরুদ্ধে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানাই এবং সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
সমাবেশে উপস্থিত ছিলেন সখিপুর থানা যুবদলের সহসভাপতি ফখরুল ইসলাম মুন্সি, যুবদল নেতা হায়দার মোল্লা, দক্ষিণ তাড়াবুনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জমির মাল, ইউনিয়ন যুবদল নেতা জাহাঙ্গীর হাওলাদার, দক্ষিণ তাড়াবুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফারুক খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সূত্র: কালবেলা