মিরপুর টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে খাদের কিনারায় বাংলাদেশ। এমন অবস্থায় বড় একটি জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় নিয়ে আশাবাদী দলের অফস্পিনার নাঈম হাসান। শুক্রবার (৩০ অক্টোবর) তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এমন আশার কথা শুনিয়েছেন ১৮ রানে অপরাজিত থাকা এই ব্যাটার।
দ্বিতীয় ইনিংসে ৭৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ, তবে দলটির লিড ইতোমধ্যে ১০৬ রানে পৌঁছেছে। উইকেটে পর্যাপ্ত টার্ন ও বাউন্স থাকায় একটি বড় জুটিই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে বলে বিশ্বাস নাঈমের। দিন শেষে জাকের আলীকে (১৮*) সঙ্গে নিয়ে উইকেটে থাকা নাঈম জানান, তাদের প্রাথমিক লক্ষ্য যত বেশি সম্ভব সময় উইকেটে টিকে থাকা এবং স্কোরবোর্ডে সম্মানজনক রান যোগ করা।
এ প্রসঙ্গে নাঈম বলেন, আমরা যত বেশি সম্ভব রান তোলার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, জাকের ভাই আর আমি এখন ব্যাটিং করছি। আমরা যদি লম্বা সময় ব্যাট করতে পারি, সেটা আমাদের জন্যই ভালো হবে। এই অবস্থান থেকে ২০০ রান করতে পারলে সেটা দারুণ একটা অর্জন হবে, তবে আমরা এর চেয়েও বেশি রান করার চেষ্টা করব।
প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩৩ রান দিয়ে ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রেখেছিলেন নাঈম। টার্নিং উইকেটে ইতিবাচক মানসিকতা ধরে রাখার ওপর জোর দিয়ে তিনি জানান, ক্রিজে আসার পর কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। বলের গুণ অনুযায়ী খেলার চেষ্টা করেছি। এই উইকেটে আপনাকে রানের জন্য দেখতে হবে, কারণ বল ঘুরছে। আপনি যদি স্কোরবোর্ডে রান সচল রাখেন, বোলাররা তখন চাপে পড়ে যাবে।
ফ্লাডলাইটের আলোয় ব্যাটিংয়ের চ্যালেঞ্জ নিয়ে নাঈম বলেন, শান্ত ভাই ও অন্যরা যখন ব্যাটিং করছিল, তখন ফ্লাডলাইট জ্বলছিল। বলের আচরণ তখন ভিন্ন ছিল, কখনো সোজাসুজি আসছিল আবার কখনো ঘুরছিল। ওই পরিস্থিতিতে আমাদের হয়তো আরও একটু ভালো ব্যাটিং করা উচিত ছিল, তবে আমরা এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।
সূত্র: কালবেলা