গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ১২:১৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬, ০৭:১৯ পিএম

ফরিদগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মাদ্রাসা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ফরিদগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মাদ্রাসা

সারাদেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জেও এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে সাধারণ কলেজের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরা।

উপজেলায় মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে পাসের হার ৬১.৯৬ শতাংশ। এ বছর ফরিদগঞ্জের ২৭টি মাদ্রাসা থেকে মোট ৬৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করার পাশাপাশি জিপিএ-৫ অর্জন করেছেন ১৬ জন। যেখানে সারাদেশে মাদ্রাসা বোর্ডে গড় পাসের হার ৬১.০৭ শতাংশ।

অন্যদিকে, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ফরিদগঞ্জ উপজেলায় সাধারণ কলেজগুলোতে পাসের হার মাত্র ৪১.৯১ শতাংশ, যা বোর্ডের গড় পাসের হারের (৪৮.০৪ শতাংশ) চেয়েও কম। উপজেলার ৮টি কলেজ থেকে মোট ১ হাজার ৬৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৬ জন।

ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসায় ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪ জন উত্তীর্ণ হয়েছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ জন। লতিফগঞ্জ ফাজিল মাদ্রাসায় ২১ জনের মধ্যে ১৫ জন পাস করেছেন (জিপিএ-৫ ১ জন)। গাজীপুর আহম্মদিয়া ফাজিল মাদ্রাসায় ৩৮ জনের মধ্যে ১৮ জন পাস (জিপিএ-৫ ১ জন)। পুরান রামপুর আবদুর রব আলিম মাদ্রাসায় ৩৩ জনের মধ্যে ২৯ জন (জিপিএ-৫ ১ জন), কড়ৈতলী কে এ আলিম মাদ্রাসায় ২২ জনের মধ্যে ১৯ জন (জিপিএ-৫ ৩ জন), ইসলামপুর শাহ ইয়াছিন ফাজিল মাদ্রাসায় ৩৯ জনের মধ্যে ২১ জন (জিপিএ-৫ ১ জন), মুন্সিরহাট ইদ্রিসিয়া হাবিবিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় ৩৬ জনের মধ্যে ৩১ জন (জিপিএ-৫ ১ জন), গোবিন্দপুর ছালেহিয়া আলিম মাদ্রাসায় ২০ জনের মধ্যে ১২ জন (জিপিএ-৫ ২ জন), কাছিয়াড়া মহিলা ফাজিল মাদ্রাসায় ২৪ জনের মধ্যে ১৬ জন (জিপিএ-৫ ৩ জন) এবং হাঁসা ফাজিল মাদ্রাসায় ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ জন উত্তীর্ণ হয়েছেন (জিপিএ-৫ ২ জন)।

তবে ব্যতিক্রম চিত্র দেখা গেছে রামপুর বাজার ডি এস ফাজিল মাদ্রাসায়। সেখানে ২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র একজন শিক্ষার্থী। 

এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মফিজুর রহমান বলেন, শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে উপস্থিত না থাকার কারণে ফলাফলে এমন চরম বিপর্যয় ঘটেছে।

কলেজ পর্যায়ে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে ৫৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯৪ জন উত্তীর্ণ হয়েছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ জন। গল্লাক আদর্শ ডিগ্রি কলেজে ২২৯ জনের মধ্যে ১০৮ জন (জিপিএ-৫ ১ জন) এবং চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে ২৬৫ জনের মধ্যে পাস করেছেন ১০৪ জন (জিপিএ-৫ ২ জন)।

এদিকে, র্চিকা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ২৭ জনই অকৃতকার্য হয়েছেন। ফলাফলের এমন করুণ অবস্থার বিষয়ে জানতে প্রতিষ্ঠানের অধ্যক্ষের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

ফলাফল বিপর্যয়ের কারণ হিসেবে স্থানীয় অভিভাবকেরা শিক্ষার্থীদের অতিরিক্ত স্মার্টফোন আসক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটানোকে দায়ী করেছেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত) মোস্তফা কামাল বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফলের চরম বিপর্যয় ঘটেছে, আমরা সেগুলোর সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করব।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।