গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৮:২২ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০১:৫৪ পিএম

যুবকরাই পারে একটি দেশের পরিবর্তন করতে: হুইপ দুলু

জাতীয়
গণমাধ্যম ডেক্স
যুবকরাই পারে একটি দেশের পরিবর্তন করতে: হুইপ দুলু

যুবকরাই পারে একটি দেশের পরিবর্তন করতে। ভাষা আন্দোলন, স্বাধীনতাযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ৫ আগস্টের গণঅভ্যুত্থান- প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলনে যুবসমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে। যুবকদের মেধা, শ্রম ও সাহসকে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করা সম্ভব।

রোববার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এসব কথা বলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সভায় এবারের প্রতিপাদ্য ছিল ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন। যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। বেকারত্ব দূরীকরণ ও যুবকদের স্বাবলম্বী করতে যুব উন্নয়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

তিনি আরও বলেন, যুবসমাজকে যথাযথ প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ দিতে হবে। তাদের দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বেকারত্ব কমবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক গোলাম মাহবুব, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব এবং জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীরা।

আলোচনা সভা শেষে সাত যুবকের মধ্যে মোট ৮ লাখ ৫০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। পরে গাছের চারা রোপণ করেন অতিথিরা।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।