প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ১২:৪২ এএম || প্রকাশের তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৫:২৬ পিএম
জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে ট্রাফিক পুলিশ বক্সের সামনে গিয়ে সড়ক অবরোধ করা হয়।
অবরোধ চলাকালে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরের একটি কলরেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই কলরেকর্ডে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর পরিকল্পনা অনুযায়ী ডামুড্যা উপজেলায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগকে বাধাগ্রস্ত করতে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবর ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক লিটন মুন্সি ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ করেন তারা।
তারা বলেন, এ ধরনের বক্তব্য ও কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলাভঙ্গের পাশাপাশি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের শামিল। তাই বিষয়টি তদন্ত করে মাহবুব মোর্শেদ টিপু মাদবর ও লিটন মুন্সিকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি তাদের আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা।
পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসিরউদ্দিন কালুর কাছে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্মারকলিপি দেন নেতাকর্মীরা। তিনি বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, গত ২৯ তারিখে ভাইরাল হওয়া একটি অডিও রেকর্ডে আমাদের নেতা জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া হয়েছে। এই বক্তব্যের পরে আমরা জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল একত্রিত হয়ে টিপু মাদবরকে বহিষ্কার এবং গ্রেপ্তারের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছি। তারই অংশ হিসেবে আজ আমরা প্রথম দিনে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ এবং জেলা বিএনপি বরাবর স্মারকলিপি প্রদান করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন তারা ব্যবস্থা নেবেন তাই আজকের মতো আমরা সড়ক ছেড়ে দিয়েছি। আমাদের দাবি মানা না হলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব।
সূত্র: কালবেলা