গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬, ০৮:৫৬ পিএম

চোর সন্দেহে যুবককে মারধর, প্রতিবাদ করায় প্রাণ গেল আরেক যুবকের 

জাতীয়
গণমাধ্যম ডেক্স
চোর সন্দেহে যুবককে মারধর, প্রতিবাদ করায় প্রাণ গেল আরেক যুবকের 
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের অম্রবাড়ি (নাউয়ার মোড়) নামক এলাকায় গরু চুরির সন্দেহে যুবককে মারধর ঠেকাতে গিয়ে রুহুল আমিন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে এলাকায় মারপিটের ঘটনায় রুহুল আমিন আহত হয়ে একই দিন রাত ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত রুহুল আমিন অম্রবাড়ি গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।  তারা হলেন- অম্রবাড়ি গ্রামের মৃত খলিল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০), তার ছেলে মহিন আলী (২০), একই গ্রামের মৃত মোস্তফা আলীর ছেলে খোরশেদ ইসলাম (২৭) ও তারভাই রাশেদ ইসলাম (৩০)। এরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, অম্রবাড়ি এলাকার সামিউল মুন্সির গোয়াল ঘর থেকে একটি গরু ছুটে যায়। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে একই গ্রামের মৃত মোস্তফা আলীর ছেলে খোরশেদ (২৭) গরুটি নিয়ে ফুলবাড়ী পৌরবাজার দিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন তাকে আটক করেন। পরে তাকে অম্রবাড়ি (নাউয়ার মোড়) এলাকায় নিয়ে গিয়ে গরু চুরির সন্দেহে মারধর করা হয়। এ সময় খোরশেদের চাচাতো ভাই রাজমিস্ত্রি রুহুল আমিন মারধরের প্রতিবাদ করলে তাকেও বেধড়ক মারপিট করা হয়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রাসহ পরিবারের লোকজন রুহুল আমিনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে এই মারপিট ও মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অম্রবাড়ি এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। রুহুল আমিনের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ শনিবার (৩১ অক্টোবর) বিকেলে অম্রবাড়ি গ্রামের নারী ও পুরুষ গ্রামবাসী মরদেহ নিয়ে বিক্ষোভসহ মানববন্ধন করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘গরু চুরির সন্দেহে অম্রবাড়ি এলাকায় স্থানীয় কয়েকজন রুহুল আমিন নামের এক ব্যক্তিকে মারপিট করায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন। তাদেরকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন।’ 

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।