বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত সদস্য অধ্যাপক ড. শামীমা সুলতানা শপথগ্রহণ করেছেন। রোববার (১ নভেম্বর) বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
এর আগে গত ২৫ অক্টোবর পিএসসির নতুন সদস্য হিসেবে অধ্যাপক শামীমা সুলতানাকে নিয়োগ দেয় সরকার। এদিন তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক শামীমা সুলতানাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য যে কোনো পেশা বা ব্যবসা এবং সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
সংবিধানের ১৩৮ অনুচ্ছেদের ১ দফা অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত তিনি পিএসসির সদস্য পদে বহাল থাকবেন। এ দুইয়ের মধ্যে যেটি আগে ঘটবে, সেটিই হবে তার দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার সময়সীমা।
অধ্যাপক শামীমা সুলতানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় তিনি বিভাগটির সভাপতির দায়িত্বে ছিলেন। ওই বছরের ১ আগস্ট নিজের কার্যালয় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি সরিয়ে আলোচনায় আসেন তিনি। পরে ছবি সরিয়ে ফেলার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেন এই শিক্ষক।
এছাড়া অধ্যাপক শামীমা সুলতানা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহসভাপতি ছিলেন। তবে বর্তমানে সংগঠনটির কোনো কমিটিতে তার পদ নেই।
সূত্র: নতুন আরএসএস সোর্স