ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পারিবারিক বিরোধের জেরে শ্বশুরবাড়িতে এসে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী জাহাঙ্গীর মিয়ার বিরুদ্ধে। এতে ইখতারা সরকার (৩০) নামে ওই গৃহবধূর শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তিনি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) ভোরে আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।
ইখতারা সরকার ওই এলাকার ঈদন সরকারের মেয়ে। তার স্বামী জাহাঙ্গীরের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়। প্রায় ১৫ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
পরিবারের সদস্যদের অভিযোগ, প্রায় এক বছর ধরে জাহাঙ্গীর মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে পারিবারিক কলহের পাশাপাশি স্ত্রীকে প্রায়ই মারধর করতেন তিনি। প্রায় দেড় মাস আগে মারধরের পর ২ বছরের ছেলেকে নিয়ে ইখতারা বাবার বাড়িতে চলে আসেন।
স্বজনদের দাবি, শুক্রবার ছোট ছেলেকে নিতে শ্বশুরবাড়িতে আসেন জাহাঙ্গীর। এ সময় স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। এর পরদিন ভোরে ফজর নামাজ পড়তে ইখতারার মা ঘর থেকে বের হন। সে সুযোগে জাহাঙ্গীর ঘরে ঢুকে বিছানায় ঘুমিয়ে থাকা ইখতারার শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যান। পরে গুরুতর দগ্ধ অবস্থায় ইখতারাকে উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়েরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক স্বামীকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স