সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশের পৃথক অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক এক ইউপি সদস্য ও ৩০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সিআর নং ২৮৬/২৩ (রায়) মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি প্রহল্লাদ সরকারকে ঢাকার মালিবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং দেওভোগ গ্রামের মৃত প্রেমচাঁদ সরকারের ছেলে।
অন্যদিকে, গত ১ নভেম্বর রাত ১টা ১০ মিনিটের দিকে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী বাজার এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ মো. সবুজ হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার হাটপাঙ্গাসী উত্তরপাড়া গ্রামের মো. আব্দুল মোমিন শেখের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, পুলিশের পৃথক অভিযানে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সূত্র: কালবেলা