বিতর্কের মঞ্চে যুক্তি ও বক্তব্যের দক্ষতা দিয়ে পথচলা শুরু। সেই দক্ষতাকে কাজে লাগিয়ে এখন গবেষণা ও শিক্ষকতার জগতে পরিচিতি গড়েছেন শাইয়ান সাদিক। বর্তমানে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক।
শাইয়ানের শিক্ষাজীবন শুরু সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় একটি বিজ্ঞান প্রদর্শনীতে প্রকল্প উপস্থাপন করে শিক্ষকদের প্রশংসা পান তিনি। সেখান থেকেই বক্তৃতা ও ভাবপ্রকাশের প্রতি আগ্রহ তৈরি হয়। পরে জোসেফাইট ডিবেটিং ক্লাব ও জোসেফাইট কালচারাল ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়ার সময় যুক্ত হন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সঙ্গে। বাংলা ও ইংরেজি-দুই ভাষায় জাতীয় ও আন্তর্জাতিক বিতর্কে অংশ নিয়েছেন। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রায় ৪০টি প্রতিযোগিতার ফাইনাল মঞ্চে বিতর্ক করেছেন তিনি।
স্নাতক শেষে সেলস অপারেশনস এক্সিকিউটিভ হিসেবে করপোরেট পেশায় যুক্ত হন শাইয়ান। পরে যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অ্যাডাম স্মিথ বিজনেস স্কুল থেকে বৃত্তি নিয়ে অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ সময় মার্কস অ্যান্ড স্পেন্সারেও কাজ করেন।
দেশে ফিরে সেন্টার ফর পলিসি ডায়ালগে (সিপিডি) গবেষণা সহযোগী ও পরামর্শক হিসেবে কাজ করেন। পাশাপাশি প্রকৃতি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইউসিএনের পরামর্শক হিসেবেও যুক্ত ছিলেন।
তার গবেষণার ক্ষেত্র পরিবেশ অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, জলবায়ু অর্থায়ন ও টেকসই উন্নয়ন। আন্তর্জাতিক স্কোপাস-ইনডেক্সড কিউ১ জার্নালে তার গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। শ্রীলঙ্কা ও ফিলিপাইনে আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে পেয়েছেন সেরা উপস্থাপকের স্বীকৃতি।
বিতর্কের সঙ্গেও রয়েছে তার নিবিড় যোগাযোগ। ৪০টির বেশি বিতর্ক প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতার পাশাপাশি গবেষণা, নীতিবিশ্লেষণ এবং নতুন প্রজন্মের বিতার্কিকদের দক্ষতা উন্নয়নেও কাজ করছেন তিনি।
সূত্র: কালবেলা