গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৫:১৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৯:২৬ পিএম

সরাইলে নজরুল বর্ষ উদযাপন, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
সরাইলে নজরুল বর্ষ উদযাপন, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উদযাপন, পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার বেড়তলা গ্রামে মো. জেহাদ উদ্দিন প্রয়াস জাতীয় কবি নজরুল বিদ্যানিকেতন এবং মৌলভী আবদুল করিম মাস্টার পাঠাগার ও প্রজ্ঞাকেন্দ্রের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যানিকেতন ও পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. জেহাদ উদ্দিন। তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, নজরুল গবেষক এবং নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর কামরুজ্জামান কবির। বিশেষ অতিথি ছিলেন সরাইল থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আলিম, সমাজসেবা কর্মকর্তা পারভেজ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান টিংকু দে এবং জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কারপ্রাপ্ত মো. শরীফ হোসেন। বক্তারা তাদের বক্তব্যে নজরুল বর্ষের তাৎপর্য তুলে ধরেন। তারা নজরুলের আদর্শে শিক্ষার্থীদের গড়ে তোলার উদ্যোগের প্রশংসা করেন। এ সময় বিদ্যানিকেতন ও পাঠাগারের শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমেরও প্রশংসা করেন অতিথিরা। সভাপতির বক্তব্যে মো. জেহাদ উদ্দিন বলেন, ‘নজরুল ছিলেন সাম্য, প্রেম ও দ্রোহের কবি। তার দর্শন, দেশপ্রেম ও সৃষ্টিকর্মের চর্চার মাধ্যমে সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।’ অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বিদ্যানিকেতনের সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নামসংবলিত অনার বোর্ড উন্মোচন করেন। পরে অতিথিরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।