কিশোরগঞ্জ পৌরসভায় দৈনিক কালবেলার প্রতিনিধি পরিচয়ে একাধিক কর্মকর্তার কাছে টাকা দাবির অভিযোগ উঠেছে। ০১৫৬৯১০৭৮৮১ নম্বর থেকে ফোন করে নিজেকে কালবেলার সাংবাদিক শফিকুর রহমান পরিচয় দিয়ে বিকাশের মাধ্যমে টাকা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা সঞ্জয় কুমার মোদক।
সঞ্জয় কুমার মোদক জানান, ওই ব্যক্তি প্রথমে ফোন করে তার নাম-পরিচয় ও কুশলাদি জানতে চান। পরে নিজেকে শুভাকাঙ্ক্ষী পরিচয় দিয়ে পৌরসভা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের কথা বলেন। প্রতিবেদন প্রকাশের আগে বিষয়টি জানিয়ে সহযোগিতার ইঙ্গিত দেন তিনি। একপর্যায়ে বিকাশের মাধ্যমে টাকা চাওয়া হয়।
একই নম্বর থেকে পৌরসভার যান্ত্রিক প্রকৌশলী জুয়েলের কাছেও ফোন করে টাকা দাবি করা হয়েছে বলে জানান সঞ্জয় কুমার মোদক। তার সঙ্গে বিকাশে টাকা পাঠানোসহ বিভিন্ন বিষয়ে দীর্ঘ সময় কথা বলেন ওই ব্যক্তি।
সঞ্জয় কুমার মোদক আরও জানান, টাকা দেওয়ার বিষয়ে তিনি কোনো সম্মতি দেননি। পরে একই নম্বর থেকে পৌরসভার অন্য কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করা হয়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি দৈনিক কালবেলার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মশিউর রহমান নাদিমকে অবহিত করেন।
সূত্র: কালবেলা