কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহী জাহাজে হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে দেশটির জাহাজ ও আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিতে কাতার যেকোনো পদক্ষেপ নিলে তার প্রতি সংহতি প্রকাশ করেছে রিয়াদ।
রোববার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ অবস্থান জানায়।
বিবৃতিতে বলা হয়, সামুদ্রিক নৌ চলাচলের নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য হুমকি তৈরি করে, এমন সব ধরনের কর্মকাণ্ড প্রত্যাখ্যান করে সৌদি আরব। এ ধরনের ঘটনা আন্তর্জাতিক বাণিজ্য ও নৌপথের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে বলেও উল্লেখ করা হয়।
এ ঘটনায় আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা এবং সামুদ্রিক নৌ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।
প্রতিবেদন অনুযায়ী, কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানির মালিকানাধীন ও পরিচালিত ‘আল মায়েদা’ নামের এলএনজি পরিবাহী জাহাজটি আজ উপসাগরীয় অঞ্চলে হামলার শিকার হয়।
হামলার ঘটনায় কাতারের জাহাজের নিরাপত্তা এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স