গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১১:৩৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ১২:১৬ এএম

আত্মপ্রকাশ করতে যাচ্ছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম ও নাজমুল

জাতীয়
গণমাধ্যম ডেক্স
আত্মপ্রকাশ করতে যাচ্ছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম ও নাজমুল

আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন উইং ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’। দেশের ক্রীড়া খাতের উন্নয়ন, সার্বিক তদারকি এবং তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই অ্যালায়েন্স কাজ করবে বলে জানা গেছে। 

নতুন এই অ্যালায়েন্সে আহ্বায়কের দায়িত্ব পালন করবেন ক্রীড়া সংগঠক ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। এতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম।

সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। তাতে আরও বলা হয়েছে, আগামীকাল সোমবার (২ নভেম্বর) এটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে।

এনসিপির একাধিক সূত্রের বরাতে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নতুন এই অ্যালায়েন্সে সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদেরও রাখা হচ্ছে। ধীরে ধীরে সংগঠনের পরিধি বাড়ানো হবে।

এ বিষয়ে এম. নাজমুল ইসলাম সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আমরা এনসিপির ক্রীড়া উইংয়ের হয়ে কাজ শুরু করতে যাচ্ছি। যেখানে ফাহিম ভাই আহ্বায়ক ও আমি সদস্যসচিব আছি। এছাড়া সাবেক খেলোয়াড় ও অন্য সংগঠকদের রাখা হচ্ছে। ধীরে ধীরে এর পরিধি বাড়বে। আমরা ক্রীড়াঙ্গনের উন্নয়ন নিয়ে কথা বলব। পরামর্শ দেব। শুধু ক্রিকেট নয়, সারা দেশের সব খেলা নিয়ে আমাদের কাজ হবে। ভুলত্রুটি থাকলে বলব। যারা দায়িত্বে থাকবেন, তাদের সঙ্গে প্রয়োজনে সংলাপে বসব। পরবর্তীতে ফান্ড পেলে আমরা নিজেরাও ক্রীড়া উন্নয়নে কাজ করব।’

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।