গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৬:০৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ১১:২৬ এএম

সরিষাবাড়ী পৌরসভার উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ, দুদকের অভিযান

জাতীয়
গণমাধ্যম ডেক্স
সরিষাবাড়ী পৌরসভার উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ, দুদকের অভিযান

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার তিনটি উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১ নভেম্বর) পৌরসভা কার্যালয়ে নথিপত্র যাচাইয়ের পাশাপাশি প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করে সংস্থাটির একটি দল।

সাবেক মেয়র ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মনির উদ্দিনের বিরুদ্ধে পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান কার্যালয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

দুদক সমন্বিত জেলা কার্যালয়, জামালপুরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে কর্মকর্তারা প্রথমে পৌরসভা কার্যালয়ে গিয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র ও দাপ্তরিক ফাইল পর্যালোচনা করেন। পরে পৌর এলাকার বাউশী বাজারসহ বিভিন্ন স্থানে বাস্তবায়িত ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

এ সময় প্রকল্পগুলোর কাজের অগ্রগতি, বাস্তবায়নের অবস্থা, ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান এবং কাজের গুণগত দিক পর্যবেক্ষণ করেন দুদক কর্মকর্তারা। অভিযোগের আওতায় থাকা তিনটি নির্দিষ্ট প্রকল্প থেকে তদন্তের প্রয়োজনীয় তথ্যও সংগ্রহ করা হয়।

অভিযান শেষে মো. কামরুজ্জামান বলেন, সাবেক মেয়র মনির উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান চালানো হয়েছে। তিনটি প্রকল্পের বিরুদ্ধে অভিযোগ ছিল। সেগুলো সরেজমিনে পরিদর্শন করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে প্রকল্পগুলোর কাজ কিছুটা দৃশ্যমান মনে হলেও কাজ সম্পূর্ণ হয়েছে কি না, তা নথিপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর নিশ্চিত হওয়া যাবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।