গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৮:২৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০২:২১ পিএম

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কটিতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

সোমবার (২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবআইল কাঠেরপুল এলাকায় এ অবরোধ শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে দুপাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের।

এ সময় গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যানবাহন আটকে পড়ে। অনেক যাত্রী বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হন।

পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা। একই সঙ্গে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

তবে শ্রমিকরা তাদের দাবিতে অনড় থাকায় পরিস্থিতি স্বাভাবিক করতে বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্টদের। বিশেষ করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে বের হওয়া যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগীরা।

অন্যদিকে, শ্রমিকদের দাবি বর্তমান বাজারদরে স্বল্প বেতনে পরিবার নিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা এবং সাধারণ মানুষের দুর্ভোগ সব মিলিয়ে গুরুত্বপূর্ণ এই সড়কে তৈরি হয়েছে অচলাবস্থা। দ্রুত আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘আমরা অবরোধের খবর পেয়েছি। এরই মধ্যে ঘটনাস্থলে গেছে পুলিশ। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।’

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।