গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ১০:২৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৫:০৪ পিএম

ভূমি ব্যবস্থাপনায় সমন্বিত অটোমেশন চালুর সুপারিশ সংসদীয় কমিটির

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ভূমি ব্যবস্থাপনায় সমন্বিত অটোমেশন চালুর সুপারিশ সংসদীয় কমিটির

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে সমন্বিত ভূমি ব্যবস্থাপনা চালুর সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে ভূমি জরিপ ও রেকর্ড ব্যবস্থাপনাকে পুরোপুরি ডিজিটাইজ করার ওপর গুরুত্ব দিয়েছেন কমিটির সদস্যরা।

সোমবার (২ নভেম্বর) রাজধানীর ভূমি ভবন পরিদর্শনকালে এসব সুপারিশ করা হয়। পরিদর্শনে নেতৃত্ব দেন কমিটির সভাপতি নাসের রহমান।

এ সময় কমিটির সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সুলতানা আহমেদ ও মুহাম্মদুল্লাহ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ভূমি অফিস, ভূমি রেজিস্ট্রি অফিস ও উপজেলা সেটেলমেন্ট অফিসের কার্যক্রম ইলেকট্রনিক পদ্ধতিতে সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে। এর ফলে ভূমিসংক্রান্ত হালনাগাদ তথ্য পাওয়া যাচ্ছে।

পরিদর্শনকালে ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা আরও গতিশীল করার সুপারিশ করে কমিটি। এসব সেবার মধ্যে রয়েছে রেকর্ড সংশোধন ও হালনাগাদ, ই-নামজারি, জমাভাগ ও জমা একত্রীকরণ, রেকর্ড সার্টিফিকেট মামলা, ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন কর এবং রেন্ট সার্টিফিকেট মামলা।

কমিটির সভাপতি নাসের রহমান একটি সমন্বিত ভূমি ব্যবস্থাপনা চালুর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ‘চলমান অটোমেশন সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ভূমিসংক্রান্ত সব দপ্তরের কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা বাড়াতে হবে।’

এ ছাড়া তথ্যপ্রযুক্তির প্রসারের মাধ্যমে ভূমি জরিপ ও রেকর্ড ব্যবস্থাপনা ডিজিটাইজ করার সুপারিশ করে কমিটি। এর মাধ্যমে ত্রুটিমুক্ত, জনবান্ধব, টেকসই ও জনকল্যাণমুখী আধুনিক ভূমি জরিপ এবং প্রশাসনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আন্তর্জাতিক সীমানা নির্ধারণের ক্ষেত্রে অনিষ্পন্ন বিরোধ নিষ্পত্তিরও সুপারিশ করেছে কমিটি। এ ক্ষেত্রে ট্রাভার্স ও প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন, মানচিত্র প্রস্তুত এবং কিস্তোয়ার পর্যায়ের সীমানা বিরোধ নিষ্পত্তির মাধ্যমে চূড়ান্ত নকশা ও খতিয়ান মুদ্রণের কথা বলা হয়েছে।

পরিদর্শনকালে ভূমি মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।