গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৮:২৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ১২:১৬ পিএম

মোটরসাইকেল নিয়ে ছেলের সঙ্গে বিরোধ, মারধরে প্রাণ গেল বাবার

জাতীয়
গণমাধ্যম ডেক্স
মোটরসাইকেল নিয়ে ছেলের সঙ্গে
বিরোধ, মারধরে প্রাণ গেল বাবার

লক্ষ্মীপুরে মারধরে হোসেন মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কাজীর দীঘির পাড় বাজারে ঘটনাটি ঘটে। হোসেন মিয়া ওই এলাকার সুলতান আহমেদ ভূঁইয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হোসেন মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৮) পল্লিচিকিৎসক। তাঁর একটি মোটরসাইকেল ১৯ অক্টোবর ধার নেন এলাকার শাকিল নামের এক ব্যক্তি। ১০ মিনিটের জন্য মোটরসাইকেলটি নেওয়া হলেও পরে আর ফেরত দিচ্ছিলেন না শাকিল। এ বিষয়ে স্থানীয় একটি দোকানে দুজনের পরিবারের সদস্যদের নিয়ে সালিস ডাকা হয়। কিন্তু শাকিল সালিসে বসতে রাজি ছিলেন না। এ নিয়ে শাকিলের সঙ্গে গতকাল রাতে সাইফুল ও হোসেন মিয়ার কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে শাকিল ও তাঁর সঙ্গে থাকা বিপ্লব নামের এক ব্যক্তি হোসেন মিয়াকে মারধর শুরু করেন। এ সময় হোসেন মিয়া অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সাইফুল ইসলাম বলেন, শাকিল তাঁর বাবার বুকে ও নাকে আঘাত করেছেন। এতে তাঁর বাবার মৃত্যু হয়েছে। বাবার পাশাপাশি তাঁকেও মারধর করা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিজানুর রহমান বলেন, ‘বাজারে আমার দোকানে দুই পক্ষের লোকজনের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শাকিল বৈঠকে বসতে রাজি হননি। বিষয়টি নিয়ে সাইফুল ও তাঁর বাবার সঙ্গে শাকিলের কথা–কাটাকাটি হয়। এ সময় হোসেন মিয়াকে মারধর করেছেন শাকিল ও বিপ্লব।’

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অরূপ পাল বলেন, হোসেন মিয়া নামের ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্ত করার পর চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

মারধরের অভিযোগের বিষয়ে শাকিল ও বিপ্লবের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তাঁরা আত্মগোপনে রয়েছেন। লক্ষ্মীপুর ‎সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, হামলা-মারধরে একজনের মৃত্যুর বিষয়ে শুনেছেন তিনি। এ ঘটনায় মামলা করতে বলা হয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।