প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৮:৫৯ পিএম || প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৬:২৪ পিএম
চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর, পুলিশের শটগান ছিনতাই ও অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) সাতকানিয়া থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত এবং কয়েকজন আহত হন।
এ দুর্ঘটনাকে কেন্দ্র করে কিছু লোক একটি বাসে আগুন দেয় এবং মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ লোকজন পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। এতে সাত পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশের সরকারি পিকআপ ভাঙচুর, ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা এবং পুলিশের একটি সরকারি শটগান ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় সাতকানিয়া থানায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে মামলা করা হয়।
পরে ১ নভেম্বর রাত পৌনে ২টার দিকে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া শটগান উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পূর্ব নলুয়া রুস্তম পাড়া ৩নং ওয়ার্ডের মৃত নরুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন মাফি (১৯), একই এলাকার মৃত ফরুক আহমদ মামুনুর রশিদ (২০) ও মো. রিফাত উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সূত্র: কালবেলা