গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০১:২৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৭:১২ পিএম

যুবদল নেতার ওপর ককটেল হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

জাতীয়
গণমাধ্যম ডেক্স
যুবদল নেতার ওপর ককটেল হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনটে আওয়ামী লীগের মশাল মিছিল থেকে জয় বাংলা স্লোগান দিয়ে এক যুবদল নেতার ওপর ককটেল হামলার ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় সজিব ইসলাম (২৬) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার সন্ধ্যায় ধুনট প্রেস ক্লাব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সজিব ইসলাম ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি পৌরশহরের সদরপাড়া এলাকার শাহ আলী ইসলামের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে ধুনট শহরের শহীদ মিনার চত্বরে জড়ো হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে মশাল মিছিল বের করেন। এ সময় পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সেখ ও তার লোকজন মিছিলে বাধা দিলে মিছিলকারীরা তাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন।

এ ঘটনায় ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি রিপন সেখ বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীকে আসামি করা হয়। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে সজিব ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।