পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ঢাকার হাজী আব্দুল বারেক রোড, আগানগর ও দক্ষিণ কেরানীগঞ্জে পরিবেশ দূষণকারী কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এতে পরিবেশ দূষণকারী ১০টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রচার) কাজী সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল কোর্টের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণপূর্বক বন্ধ করা কারখানাগুলো হলো- সঞ্জু ডাইং ও ওয়াশিং, সালমুন ওয়াশিং, সায়মা ওয়াশিং, রব ওয়াশিং, ইউনিক ওয়াশিং, নুর ডাইং-১, নুর ডাইং-২, নুর ডাইং-৩, বিসমিল্লাহ ওয়াশ এবং রীমা ওয়াশিং।
পরিবেশ দূষণকারী কারখানাগুলোর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার। এছাড়া ওই অভিযানে উপস্থিত থেকে সার্বিক দিক-নির্দেশনা দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক মো. মাহবুব জামিল।
অভিযানে আরও উপস্থিত ছিলেন- উপপরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং) সৈয়দ আহম্মদ কবির ও উপ-পরিচালক (ঢাকা জেলা কার্যালয়) মো. ইলিয়াস মাহমুদ। এতে নৌবাহিনী, নৌ-পুলিশ, কোস্টগার্ড এবং কেরানীগঞ্জ থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।
বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য দূষণমুক্ত ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতকরণে দূষণকারী শিল্প-প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ও এনফোর্সমেন্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সূত্র: নতুন আরএসএস সোর্স