নেত্রকোনার বারহাট্টায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই সাইকুল মিয়া (৪০) নিহতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের মেয়ে ও স্ত্রীও আহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইকুল মিয়ার মৃত্যু হয় বলে জানিয়েছে তার পরিবার।
এর আগে রোববার (১ নভেম্বর) বিকেলে উপজেলার চন্দ্রপুর লম্বাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের অভিযোগ, বাড়ির সীমানা নিয়ে ঢাকায় বসবাসকারী বড় ভাই সাইদুল মিয়ার (৪৫) সঙ্গে ছোট ভাই সাইকুল মিয়ার বিরোধ শুরু হয়। একপর্যায়ে সাইকুল মিয়া বাধা দিলে সাইদুল মিয়া তার স্ত্রী ও ছেলে সিয়ামকে নিয়ে সাইকুলের ওপর হামলা চালান। এ সময় লাঠি দিয়ে আঘাত করলে সাইকুল মিয়া গুরুতর আহত হন। বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে তার মেয়ে সূচনার হাতেও আঘাত লাগে এবং হাত ভেঙে যায় বলে পরিবারের দাবি। এ ছাড়া সাইকুলের স্ত্রীর মাথায়ও আঘাত করা হয়।
পরে স্থানীয়রা আহত সাইকুল মিয়াকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী সেকুল মিয়া বলেন, ‘চিৎকার শুনে সুহেলসহ কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, সাইকুল মিয়া মাটিতে পড়ে আছেন। তার ভাই সাইদুল স্ত্রী ও সন্তানকে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। আমরা সাইকুলকে গাড়িতে তুলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। কিছুক্ষণ পর তাদের আর সেখানে পাওয়া যায়নি। তারা চলে গেছেন। আমরা গ্রামবাসী এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
এ ঘটনায় নিহত সাইকুল মিয়ার স্ত্রী সুরাইয়া আক্তার বাদী হয়ে বারহাট্টা থানায় একটি অভিযোগ করেছেন।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
সূত্র: নতুন আরএসএস সোর্স